আধুনিক জীবনযাত্রার অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে সুপারশপ। দৈনন্দিন কেনাকাটায় সুপারশপ ক্রেতাদের দেয় নির্ঝঞ্ঝাট অভিজ্ঞতা। হাটবাজারের পরিচিত ভিড়, ধুলাবালি কিংবা খোলা খাবারের তুলনায় সুপারশপের সাজানো তাক, ঝকঝকে মেঝে ও শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ অনেক বেশি পরিচ্ছন্ন। স্বাভাবিকভাবেই অনেক ক্রেতার ধারণা, সুপারশপের খাবার মানেই নিরাপদ। কিন্তু পরিচ্ছন্ন পরিবেশ আর নিরাপদ খাবার কি একই বিষয়?
বাস্তবে খাবারের নিরাপত্তা নির্ভর করে উৎপাদন, সংগ্রহ, পরিবহন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রির প্রতিটি ধাপের ওপর। দোকানের পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ হলেও সেটিই খাদ্যনিরাপত্তার একমাত্র মাপকাঠি নয়। খাবারে ক্ষতিকর জীবাণু, রাসায়নিক দূষণ কিংবা ভেজাল রয়েছে কি না, তা শুধু চোখে দেখে বোঝার উপায় নেই।
একটি সুপারশপে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের পণ্য থাকে। স্থানীয় কৃষকের কাছ থেকে সংগ্রহ করা সবজি, মাছ-গোশত ও দুগ্ধজাত পণ্যের পাশাপাশি থাকে কারখানায় তৈরি প্যাকেটজাত খাবার। প্রতিটি পণ্যের সরবরাহব্যবস্থাও আলাদা। কারখানায় তৈরি পণ্যের ক্ষেত্রে প্যাকেটে মেয়াদোত্তীর্ণের তারিখ, উপাদান ও ট্রেডমার্ক উল্লেখ থাকায় ক্রেতারা প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের সুযোগ পান। তবে সবজি, মাছ-গোশতসহ অন্যান্য কৃষিপণ্যের ক্ষেত্রে বিষয়টি কিছুটা জটিল।
জমিতে বা ফসলে ব্যবহৃত কীটনাশক, দূষিত পানি দিয়ে ধোয়া সবজি কিংবা অপরিচ্ছন্ন পরিবহনে মাছ-গোশত আনা হলে তা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। পণ্য সুপারশপে পৌঁছানোর পর সুন্দরভাবে সাজিয়ে রাখলেই এসব ঝুঁকি দূর হয় না। এ কারণে পণ্যের উৎস জানা এবং সরবরাহকারীদের মান যাচাই করা জরুরি।
পাশাপাশি স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবারের প্রাপ্যতা বাড়াতে সুপারশপগুলোর উচিত নিরাপদ, শনাক্তযোগ্য ও স্বাস্থ্যসচেতন উৎপাদকদের কাছ থেকে পণ্য সংগ্রহে গুরুত্ব দেওয়া। পণ্য পরিবহনের মানও নিয়মিত যাচাই করা প্রয়োজন। এতে কোনো পণ্যে সমস্যা ধরা পড়লে সেটি কোন সরবরাহকারীর কাছ থেকে এসেছে এবং কোথায় বিতরণ করা হয়েছে, সে সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়া সম্ভব হবে।
এ ছাড়া মাছ, গোশত, দুধ, দই, পনির ও হিমায়িত খাবারের ক্ষেত্রে পরিবহনের সময় থেকে শুরু করে দোকানের ফ্রিজ বা ডিসপ্লে কাউন্টার পর্যন্ত পুরো শীতল সরবরাহব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব শুধু বিক্রেতার নয়, ক্রেতারও কিছু করণীয় রয়েছে। প্যাকেটজাত খাবার কেনার সময় অনেক ক্রেতাই দাম, ব্র্যান্ড ও মেয়াদ দেখে থাকেন। কিন্তু নিরাপদ খাবার বেছে নিতে আরও কিছু বিষয় খেয়াল করা প্রয়োজন। উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, উপাদানের তালিকা, সংরক্ষণের নির্দেশনা, প্রস্তুতকারকের তথ্য এবং প্রয়োজনীয় অনুমোদন বা ট্রেডমার্ক যাচাই করা উচিত। বিশেষ করে আমদানি করা পণ্যের ক্ষেত্রে লেবেলে প্রয়োজনীয় তথ্য রয়েছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ।
প্যাকেট ছেঁড়া, ফুলে ওঠা, লিক করা কিংবা অস্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হলে পণ্যটি না কেনাই ভালো। আবার মেয়াদ ঠিক থাকলেও ভুল তাপমাত্রায় সংরক্ষিত খাবার নিরাপদ নাও হতে পারে। লেবেল ক্রেতাকে গুরুত্বপূর্ণ তথ্য দেয়, কিন্তু খাবারের নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা দেয় না। এর জন্য পণ্যের মান ও সংরক্ষণব্যবস্থা—দুটিই ঠিক থাকতে হবে।
বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ২০১৩ সালে নিরাপদ খাদ্য আইন প্রণয়ন করা হয়। পাশাপাশি খাদ্য ব্যবসায়ীদের দায়িত্ব, খাদ্যে জীবাণু নিয়ন্ত্রণ, দূষণ প্রতিরোধ এবং পণ্য প্রত্যাহারের মতো বিষয়েও বিধিমালা রয়েছে। অর্থাৎ খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশে আইনি কাঠামো রয়েছে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো উৎপাদন থেকে খুচরা বিক্রি পর্যন্ত প্রতিটি পর্যায়ে এসব আইনের কার্যকর প্রয়োগ।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে পরীক্ষা করা ১ হাজার ৭১৩টি খাদ্য নমুনার মধ্যে ৫৭১টিতে ভেজাল, দূষণ অথবা পুষ্টিমানসংক্রান্ত সমস্যা পাওয়া গেছে। অর্থাৎ পরীক্ষিত নমুনার প্রায় ৩৩ শতাংশে কোনো না কোনো অনিয়ম শনাক্ত হয়েছে। তবে এসব নমুনা বিভিন্ন ধরনের খাদ্যপণ্য থেকে সংগ্রহ করা হয়েছে। তাই এ পরিসংখ্যানকে সুপারশপের পণ্যের নিরাপত্তার চিত্র হিসেবে দেখা যাবে না। বরং সামগ্রিক খাদ্যব্যবস্থায় মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তাই এ তথ্য সামনে আনে।
সুপারশপগুলোর ক্ষেত্রেও নিয়মিত পরিদর্শন, খাদ্য নমুনা পরীক্ষা, কর্মীদের স্বাস্থ্যবিধিবিষয়ক প্রশিক্ষণ এবং অনিয়ম শনাক্ত হলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। শুধু নিজস্ব মান নিয়ন্ত্রণের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের তদারকিও গুরুত্বপূর্ণ।
কেনাকাটার সময় পণ্যের মেয়াদ, প্যাকেটের অবস্থা ও সংরক্ষণের নির্দেশনা যাচাই করা উচিত। কাঁচা মাছ-গোশতের প্যাকেট অন্য খাবার থেকে আলাদা রাখা, কেনাকাটার পর দ্রুত বাসায় নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী ফ্রিজে সংরক্ষণ করাও গুরুত্বপূর্ণ। অন্যদিকে, কোনো পণ্যে অস্বাভাবিক গন্ধ, রং বা স্বাদ পাওয়া গেলে তা খাওয়া থেকে বিরত থাকা উচিত। অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা থাকলে ক্রেতারা সমস্যার কথা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানাতে পারেন। এতে প্রতিষ্ঠানও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ পায়।
সুপারশপের বড় সুবিধা হলো, এখানে পণ্য সাজানো, সংরক্ষণ ও বিক্রির প্রক্রিয়া তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত রাখার সুযোগ রয়েছে। এই সুবিধাকে কাজে লাগিয়ে খাদ্যনিরাপত্তার আরও শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। পণ্যের উৎস শনাক্ত করা, সরবরাহকারীর মান যাচাই, তাপমাত্রার রেকর্ড রাখা, নিয়মিত নমুনা পরীক্ষা এবং অনিরাপদ পণ্য দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা থাকা প্রয়োজন।
একটি দোকান কতটা পরিচ্ছন্ন, তা ক্রেতা সহজেই দেখতে পারেন। কিন্তু খাবার কতটা নিরাপদ, তা বোঝার জন্য প্রয়োজন তথ্য, পরীক্ষা ও জবাবদিহি। তাই সুপারশপের খাদ্যনিরাপত্তা বিচার করতে শুধু ঝকঝকে পরিবেশ নয়, বরং পণ্যটি কোথা থেকে এসেছে, কীভাবে সংরক্ষিত হয়েছে এবং মান নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নেওয়া হয়েছে—সেসব বিষয়ও বিবেচনায় নেওয়া জরুরি।
শেষ পর্যন্ত নিরাপদ খাবার কোনো বিশেষ কেনাকাটার অভিজ্ঞতা নয়; এটি প্রতিটি ভোক্তার অধিকার। সুপারশপ যদি সেই অধিকার নিশ্চিত করতে পারে, তবেই পরিচ্ছন্ন দোকানের প্রতিশ্রুতি ক্রেতাদের মধ্যে সত্যিকারের আস্থা তৈরি করবে।