গণতান্ত্রিক সরকারের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
সোমবার (৩১ আগস্ট) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও সুস্থ সমাজ গঠনে সমন্বিত উদ্যোগ জরুরি। মাদককে দেশের অন্যতম বড় সামাজিক সংকট উল্লেখ করে তিনি বলেন, এর বিস্তারের সঙ্গে অপরাধও বাড়ছে। তাই আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় হওয়ারও পরামর্শ দেন।
সরকারি কর্মকর্তাদের জনগণের কল্যাণ ও সুশাসন নিশ্চিত করাকে মূল দায়িত্ব হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ দর্শন ধারণ করে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে সরকারের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।
পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি নদী দূষণ, শিল্পবর্জ্য ব্যবস্থাপনা ও নগর পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএমআর