বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. বি কে বোসকে কমিশনের সদস্য (পরিকল্পনা) পদে চলতি দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ৪ অক্টোবর ২০২৬ তারিখের এক অফিস আদেশের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি দিনাজপুরের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (আইএনএমএএস) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৪ সালে চিকিৎসা কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে যোগ দেওয়ার পর থেকে তিন দশকেরও বেশি সময় ধরে নিউক্লিয়ার মেডিসিনে চিকিৎসাসেবা দিয়ে আসছেন ডা. বি কে বোস। দেশে নিউক্লিয়ার মেডিসিনের উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে থেরাপিউটিক নিউক্লিয়ার মেডিসিনের উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন।
দেশের উত্তরাঞ্চলে গলগণ্ড রোগের চিকিৎসায়ও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। এ ছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ফিজিক্যাল প্রোটেকশন বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি।
কর্মজীবনে উচ্চতর প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ভারত, ফ্রান্স, জার্মানি ও রাশিয়া সফর করেছেন ডা. বি কে বোস।
তিনি ১৯৯৩ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে মেডিসিনে এমসিপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমডি ডিগ্রি অর্জন করেন।
ডা. বি কে বোস ১৯৬৭ সালে নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জনক। তার স্ত্রী একটি সরকারি মেডিকেল কলেজের অধ্যাপক।