বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অপহরণের পর একজনকে এবং দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার পর একজনকে হত্যা মামলায় কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো. জাফর আলমকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
এ বিষয়ে ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর মীজানুল ইসলাম বলেন, শেখ হাসিনার শাসনামলে বিরোধী মতাদর্শের মানুষকে দমনের যে প্রক্রিয়া ছিল, তার অন্যতম সহযোগী ছিলেন চকোরিয়ার এমপি জাফর। সাবেক এই এমপি তার সহযোগীদের মাধ্যমে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অপহরণের পর বিএনপির একজন কর্মীকে হত্যা করেন। এছাড়া দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার পর জামায়াতের একজন কর্মীকে হত্যা করেন। এ ঘটনায় নেতৃত্বে দায়ে তার বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
মীজানুল ইসলাম বলেন, এই দুই ঘটনায় তার একটি মামলা নেওয়া হয়েছে। গত ধার্য তারিখে এমপি জাফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছিলাম। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করেছিল। এরই ধারাবাহিকতার আজকে তাকে হাজির করা হয়েছে। পরে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়।
এর আগে, গত ২৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৮ এপ্রিল পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় তাকে আদালতে তোলা হয়। ওইদিন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পতনের পর সাবেক এমপি জাফর আলমের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, চকরিয়া ও পেকুয়ায় অন্তত ১৬টি মামলা হয়েছে। এসব মামলায় ইতোমধ্যে কয়েক দফায় তাকে রিমান্ডে দিয়েছে আদালত।