ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সানি সাহার দুই দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুজ্জামান। শুনানি শেষে রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন আদালত।
মামলা সত্রে জানা যায়, গত ১৭ আগস্ট শান্তিনগর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা শেষে মোহাম্মদপুরের নিজ বাসায় যাওয়ার উদ্দেশ্যে সেখান থেকে বের হন অধ্যাপক মো. আসাদুর রহমান। এ সময় পল্টন মডেল থানাধীন শান্তিনগর এলাকায় আসামি জীবন ওরফে আদিলসহ অজ্ঞাতপরিচয় ৫-৬ জন আসামি পূর্বপরিকল্পিতভাবে বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে তার সিএনজির গতিরোধ করে। আসামিরা তাকে টেনেহিঁচড়ে সিএনজি থেকে বের করেন। এ সময় আসামি জীবন ওরফে আদিল তার ডান চোখে সজোরে ঘুসি মেরে গুরুতর রক্তাক্ত জখম করেন।
এ ঘটনায় ১৮ আগস্ট রাজধানীর পল্টন থানায় মামলা করেন অধ্যাপক ডা. আসাদুর রহমান।