হোম > আইন-আদালত

শাজাহান খানের মেয়ে ঐশীর বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা

স্টাফ রিপোর্টার

স্বামী সাবেক এমপি ছোট মনিরের সঙ্গে ঐশী খান। ছবি : সংগৃহীত

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করা এবং জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগে মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের মেয়ে ঐশী খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান বাদী হয়ে এ মামলা করেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক জানায়, ঐশী খানের নামে অনুসন্ধানে ১ কোটি ৭০ লাখ ২২ হাজার ৭৫০ টাকার সম্পদ এবং ১১ লাখ ৪৯ হাজার ২৬৪ টাকার পারিবারিক ব্যয়ের তথ্য পাওয়া যায়। মোট ১ কোটি ৮১ লাখ ৭১ হাজার ৯০৪ টাকার সম্পদের বিপরীতে তার বৈধ আয় পাওয়া যায় মাত্র ১০ লাখ ৫৩ হাজার ৮৯২ টাকা। তার নামে ১ কোটি ৭১ লাখ ১৮ হাজার ৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক। এছাড়া তার নামে বা বেনামে আরো সম্পদ থাকার সম্ভাবনার কথাও অনুসন্ধান টিম প্রতিবেদনে উল্লেখ করেছে।

দুদক আরো জানায়, অনুসন্ধানের ভিত্তিতে কমিশন তাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করে। নির্ধারিত ঠিকানায় গিয়েও নোটিশ প্রদান সম্ভব না হওয়ায় গত ১০ জুলাই সম্পদ বিবরণী ফরম জারি করা হয়। পরে তিনি এক মাস সময় বৃদ্ধির আবেদন করলে নির্ধারিত ২১ কার্যদিবসের পাশাপাশি আরো ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়। তবে বাড়তি সময় পেলেও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি।

দুদক উল্লেখ করে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। পাশাপাশি তার নামে বিপুল অপ্রদর্শিত ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়ায় ২৭(১) ধারার অভিযোগও প্রযোজ্য বলে কমিশন সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, করোনাকালে ঢাকা বিমানবন্দরে লন্ডন যাওয়ার সময় বিমানবন্দরে এক কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্চিত করার হুমকি দিয়ে আলোচনায় আসেন ঐশী খান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঐশী তার স্বামী টাঙ্গাইলের সাবেক এমপি ছোট মনিরের সঙ্গে পলাতক রয়েছেন।

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিয়াদ

সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর হাইকোর্টে মামলা

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ

তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ফের সময় বাড়ল

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল গ্রেপ্তার

নানক-তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৮ এপ্রিল

৬ লাশ পোড়ানো মামলা: সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? রায় দিল আদালত

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ