ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব করেছে ট্রাইব্যুনাল। তারা হলেনÑআইনজীবী হাসানুজ্জামান তুষার ও ব্যারিস্টার মোহাম্মদ হাসান চৌধুরী। আগামী ২৩ সেপ্টেম্বর তাদের হাজির হতে বলা হয়েছে।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেয়।
এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। তিনি আসামিদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন।
শুনানিতে তিনি বলেন, কাদেরসহ সাতজনের রায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে আইনজীবী হাসানুজ্জামান লেখেন, ‘অবৈধ ক্যাঙ্গারু কোর্টের অবৈধ, মিথ্যা-বানোয়াট, ভিত্তিহীন রায়ের তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং ঘৃণ্যভাবে এই রায় প্রত্যাখ্যান করি। রাজপথেই হবে সবকিছুর ফয়সালা।’
এরপর তিনি আরেকটি পোস্ট করেন, ‘অবৈধ ক্যাঙ্গারু কোর্টের অবৈধ, মিথ্যা-বানোয়াট, ভিত্তিহীন ও হাস্যকর রায়ের বিরুদ্ধে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের আইনজীবীদের তাৎক্ষণিক প্রতিবাদ।’ সুপ্রিম কোর্টে তাদের কয়েকজনের অবস্থানের ছবিও শেয়ার করেন তিনি।
তামীম বলেন, এছাড়া অপরজন ব্যারিস্টার হাসান চৌধুরী ওই পোস্টের কমেন্টে মন্তব্য করেন, ‘ক্যাঙ্গারু কোর্টের অবৈধ রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ফরমায়েশি রায় প্রত্যাখ্যান করছি।’
আইনজীবী হয়ে জেনে-বুঝে তারা আদালতের রায় নিয়ে এমন মন্তব্য করলে জনমনে ভিন্ন বার্তা যাবে। তখন আদালত দুই আইনজীবীকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে সশরীরে হাজির হওয়ার আদেশ দেন।