আইন প্রণয়ন, চুক্তি সম্পাদন, আন্তর্জাতিক নেগোসিয়েশন এবং বিরোধ নিষ্পত্তি বিষয়ে দক্ষ জনবল গড়ে তুলতে ‘লেজিসলেটিভ প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট’-এর কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের আওতাধীন এই ইনস্টিটিউটের উপদেষ্টা বোর্ডের প্রথম সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশনা দেন।
সভায় ইনস্টিটিউটের সার্বিক অবস্থা, ইতিমধ্যে গৃহীত কার্যক্রম এবং প্রশিক্ষণ কার্যক্রম আরও দক্ষ ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টা বোর্ডকে অবহিত করা হয়। এ সময় আইনমন্ত্রী ইনস্টিটিউটের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য বাস্তবায়নে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সভায় উপদেষ্টা বোর্ডের সদস্য ও লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, আইন কমিশনের সাবেক পরামর্শক (সচিব পদমর্যাদা) এ কে মোহাম্মদ হোসেন এবং বোর্ডের সদস্যসচিব ও ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এস. এম. শাফায়েত হোসেন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে আইন ও চুক্তি প্রণয়ন, আন্তর্জাতিক চুক্তি (ট্রিটি), নেগোসিয়েশন এবং আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি ও সালিশ (আরবিট্রেশন) বিষয়ে দক্ষ জনবল তৈরি ও গবেষণার লক্ষ্যে ২০২৫ সালে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অধীনে এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়।
প্রতিষ্ঠানটির অন্যতম উদ্দেশ্য হলো সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তর্জাতিক মান অনুসরণ করে আইন ও চুক্তির খসড়া প্রণয়ন, লেজিসলেটিভ ড্রাফটিং ও এডিটিংয়ের উৎকর্ষ সাধন এবং দক্ষ নেগোশিয়েটর ও আরবিট্রেটর তৈরি করা। এ ছাড়া আন্তর্জাতিক চুক্তি পর্যালোচনার সক্ষমতা বৃদ্ধিতে বিদেশি ভাষা শিক্ষা, প্রণীতব্য আইনের সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ ও নীতি প্রণয়নে সহায়তা, ট্রিটি হ্যান্ডবুক প্রণয়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মশালা, সেমিনার ও সম্মেলন আয়োজনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতেও কাজ করছে ইনস্টিটিউটটি।
প্রতিষ্ঠার পর থেকে ইনস্টিটিউটটি ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রায় এক হাজার কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করেছে।