ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে তিন মাসের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রোববার ওবায়দুল করিমের এক আবেদনের শুনানি শেষে আদালত তাকে তিন মাসের জন্য বিদেশ ভ্রমণের অনুমতি প্রদান করেন।
এরই প্রেক্ষিতে দুদক উচ্চ আদালতে আবেদন করবে জানিয়েছেন দুদক এর উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম। তিনি জানান, নিম্ন আদালতের ওই আদেশের আইনি বৈধতা চ্যালেঞ্জ করে ও তা স্থগিতের লক্ষ্যে উচ্চ আদালতে দ্রুতই রিভিশন পিটিশন দায়ের করবে কমিশন।
উল্লেখ, ঋণ জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে দুদক। ব্যবসায়িক জগতে ওবায়দুল করিমের আবির্ভাব ঘটে ১৯৯৩ সালে নিলাম হওয়া কোহিনূর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কেনার মধ্য দিয়ে। ১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ১৯৯৬ সালে যখন দেশের শেয়ারবাজারে বড় ধরনের বিপর্যয় হয়, তখন ওরিয়ন তার শেয়ারহোল্ডারদের জন্য বড় লভ্যাংশ এবং বোনাস শেয়ার ঘোষণা করে। এতে ওরিয়নের শেয়ারের দাম বহুগুণ বেড়ে যায়।