হোম > আইন-আদালত

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

স্টাফ রিপোর্টার

১৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক স্ত্রী মোছা. সাথী খাতুনসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে তিনি এই মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন— হিরো আলমের সহযোগী আহসান হাবিব সেলিম (৩০) এবং মো. মহিদুল ইসলাম (২৮)।

হিরো আলমের আইনজীবী সান্তা সাকছিনা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন এবং অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, সাবেক স্ত্রী সাথী খাতুন হিরো আলমের কাছে এসে তার মিউজিক ভিডিওতে কাজের সুযোগ দেওয়ার অনুরোধ জানান। এ সময় সংসারের খরচ ও পোশাক কেনার জন্য তাকে অর্থ সহায়তা দেন হিরো আলম। গত ২২ আগস্ট ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাওয়ার পর সাথী খাতুন মিউজিক ভিডিওর শুটিং ও সাজসজ্জার কথা বলে আরও দুই লাখ টাকা দাবি করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, এর আগে গত ১৭ আগস্ট সাথী খাতুনকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছিল, যা তিনি ব্যাংকে জমা রাখার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকারও করেছেন। পরবর্তীতে গত ২৯ সেপ্টেম্বর সাথী খাতুনকে তালাক দেওয়ার পর তিন আসামি মিলে হিরো আলমের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এর আগে গত ১৬ অক্টোবর এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন হিরো আলম। আসামিরা গত ১২ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বাদীর জন্মদিনের অনুষ্ঠানে জনসম্মুখে বিষপান করা এবং তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

অর্থ পাচারের মামলায় অ্যাপল গ্লোবালের দুই শীর্ষ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের নেতা গুমে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ

সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আনিসুল-পলক

বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক এমপি মনসুরসহ ২ জন গ্রেপ্তার

চাঞ্চল্যকর খুনের মামলাগুলোর আপিল শুনানি শিগগিরই শুরু হবে

সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

শিশুকে যৌন হয়রানির দায়ে যুবকের ১০ বছর কারাদণ্ড

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী