হোম > শিক্ষা

আলিম ও কারিগরিতে পাসের হার কমেছে, দুই বছরেই ধারাবাহিক অবনতি

স্টাফ রিপোর্টার

আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি সমমানের পরীক্ষায় পাসের হার ধারাবাহিকভাবে কমছে। ২০২৬ সালের পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমে পাসের হার দাঁড়িয়েছে ৬১ দশমিক ৭০ শতাংশ। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), বিএম ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ। গত দুই বছরের ফলের সঙ্গে তুলনায় উভয় বোর্ডেই পাসের হারে অবনতির চিত্র পাওয়া গেছে।

শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন।

এবার আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন। কারিগরি শিক্ষা বোর্ডে এ সংখ্যা ১ হাজার ৮৮৬ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালে আলিম পরীক্ষায় পাসের হার ছিল ৯৩ দশমিক ৪০ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৯ হাজার ৬১৩ জন। ২০২৫ সালে পাসের হার কমে ৭৫ দশমিক ৬১ শতাংশে দাঁড়ায়। জিপিএ-৫ পান ৪ হাজার ২৬৮ জন। এবার পাসের হার আরও কমে হয়েছে ৬১ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন। অর্থাৎ, দুই বছরে পাসের হার কমেছে ৩১ দশমিক ৭০ শতাংশ পয়েন্ট। একই সময়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৬ হাজার ৩৬৩ জন।

কারিগরি শিক্ষা বোর্ডেও পাসের হার কমার প্রবণতা অব্যাহত রয়েছে। ২০২৪ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৮৮ দশমিক ০৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৪ হাজার ৯২২ জন। ২০২৫ সালে পাসের হার কমে ৬২ দশমিক ৬৭ শতাংশে নেমে আসে। জিপিএ-৫ পান ১ হাজার ৬১০ জন। এবার পাসের হার আরও কমে দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৪৩ শতাংশে। তবে জিপিএ-৫ বেড়ে হয়েছে ১ হাজার ৮৮৬ জন। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৩ দশমিক ২৪ শতাংশ পয়েন্ট এবং জিপিএ-৫ বেড়েছে ২৭৬ জন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এর মধ্যে আলিম পরীক্ষার্থী ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন। দুই বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৮৫০ জন।

আলিম পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫২ হাজার ১১ জন এবং ছাত্রী ৪০ হাজার ৮৯৪ জন। ৪৬১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সার্বিক ফল বিশ্লেষণে দেখা যায়, আলিম ও কারিগরি—উভয় ধারাতেই পাসের হার ধারাবাহিকভাবে কমছে। বিশেষ করে কারিগরি শিক্ষায় পাসের হার ৫০ শতাংশের নিচে নেমে আসা উদ্বেগজনক। অন্যদিকে, কারিগরি বোর্ডে জিপিএ-৫ কিছুটা বাড়লেও আলিমে তা কমেছে।

রাকসু: মেয়াদ শেষ হলেও শপথ হয়নি পাঁচ ছাত্র প্রতিনিধির

এইচএসসিতে এবার প্রায় অর্ধেক ফেল

কুমিল্লা বোর্ডে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কেউ

এইচএসসি পরীক্ষার প্রশ্ন তিনবার ছাপানোর পর চূড়ান্ত হয়েছে: শিক্ষামন্ত্রী

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল

এইচএসসিতে এক বা দুই বিষয়ে ফেল, এক মাসের মধ্যে আবার পরীক্ষা

এইচএসসি পরীক্ষা: শতভাগ পাস ১৩৯ প্রতিষ্ঠানে, শূন্য পাস ২৯৩টিতে

এইচএসসিতে শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবার ৯১টি বেড়েছে

বিদেশি কেন্দ্র থেকে এইচএসসি পাস ২০৯ শিক্ষার্থী

ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ