হোম > শিক্ষা

গোলপাতার ছাউনির ক্যাফেটেরিয়ায় জমজমাট আড্ডা

খুলনা বিশ্ববিদ্যালয়

ইব্রাহিম খলিল, খুবি

সবুজে ঘেরা খুলনা বিশ্ববিদ্যালয় বরাবরই পরিচিত তার নিস্তরঙ্গ সৌন্দর্য ও রাজনীতিহীন ক্যাম্পাসের জন্য। তবে ২০২৩ সালে সবুজের বুকে গোলপাতার ছাউনি দিয়ে নির্মিত একটি ক্যাফেটেরিয়া এই নিঃসর্গে নতুন মাত্রা যোগ করেছে। এটি শুধু খাবার পরিবেশনের স্থান নয়, এখন হয়ে উঠেছে শিক্ষার্থীদের প্রশান্তির ঠিকানা, গল্প-আড্ডার কেন্দ্র, নিঃসঙ্গ বিকেলের সঙ্গী।

প্রাকৃতিক উপকরণ ও পরিবেশবান্ধব হিসেবে এই ক্যাফেটেরিয়া ইতোমধ্যে সুনাম কুড়িয়েছে। এর আয়তন প্রায় ৫ হাজার ৪০০ বর্গফুট। ছাউনি নির্মাণে ব্যবহৃত হয়েছে উপকূলীয় অঞ্চলের পরিচিত উপাদান গোলপাতা। এর নান্দনিকতা যেমন চোখ জুড়ায়, তেমনি বাস্তবিক কার্যকারিতাও প্রমাণিত। খোলা কাঠামো ও প্রাকৃতিক উপাদানের ব্যবহারে ক্যাফেটেরিয়ার ভেতরে গ্রীষ্মকালে আশপাশের জায়গার তুলনায় ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা অনুভূত হয়।

এই ক্যাফেটেরিয়ায় ইট-পাথরের কৃত্রিমতা নেই, নেই বহুতলের গম্ভীরতা। আছে সহজিয়া সৌন্দর্য, প্রাকৃতিক প্রশান্তি। পাশে জলাশয়ে ফুটে আছে শাপলা‑পদ্ম, পেছনে দাঁড়িয়ে থাকে হোগলাবন আর বাঁশঝাড়ের পাহারা। চারপাশের এই নিঃসর্গ যেন ক্লান্ত শিক্ষার্থীর মনে আনে আরামদায়ক স্বস্তি।

সকাল থেকে রাত পর্যন্ত এখানে চলে খাবার পরিবেশন। পরোটা‑ডিম‑সবজি দিয়ে শুরু, দুপুরে খিচুড়ি‑মাছ‑মাংস, আর সন্ধ্যায় হালকা কিছু— সবকিছুর দামই শিক্ষার্থীদের নাগালের মধ্যে। তবে এই ক্যাফেটেরিয়ার আকর্ষণ খাবারে সীমাবদ্ধ নয়। এটি হয়ে উঠেছে বহু প্রথম পরিচয়ের স্থান, দলগত কাজের ঠিকানা, প্রেমের শুরু কিংবা বন্ধুত্বের শেষহীন গল্পের কেন্দ্র।

বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী শাম্মী আক্তার মিথি জানান, এই ক্যাফেটেরিয়ায় বসেই আমার প্রথম বন্ধুটির সঙ্গে আলাপ হয়েছিল। আজও আমরা প্রতিদিন এখানে বসে চা খাই।

গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী মাহমুদ বলেন, খাবারের স্বাদ হয়তো অন্য কোথাও আরো ভালো হতে পারে, কিন্তু এমন পরিবেশ? এমন নিঃশব্দ প্রশান্তি সেটা কেবল এখানেই মেলে।

দুই বছরের ব্যবধানে এই ক্যাফেটেরিয়ায় পরিবর্তন এসেছে অনেক। এসেছে নতুন মুখ, নতুন গল্প। কিন্তু বদলায়নি এর আবহ, এর আকর্ষণ।

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ, পরীক্ষা ১ ডিসেম্বর

সীতাকুণ্ডে দুর্ঘটনায় নিহত মাইশার স্মরণে আইআইইউসিতে দোয়া মাহফিল

গবেষণার মাঠ ফেরতের দাবিতে গণপূর্তের কুশপুত্তলিকা দাহ

পিএসসি সংস্কার ও সরকারি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে ছাত্রশিবিরের ১৩ দফা প্রস্তাবনা

ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের

যৌন হয়রানির প্রতিবাদ করায় ক্লাস স্থগিত, শিক্ষার্থীদের বিক্ষোভ

কিউএস র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ১৬তম

জাবিতে পরিচালক নিয়োগ নিয়ে উত্তেজনা, তালা ভেঙে উপাচার্যকে মুক্ত করল ছাত্রদল

ডিনস অ্যাওয়ার্ড পেলেন রাবির ছয় শিক্ষকসহ ৬৮ শিক্ষার্থী

সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে রাকসুর উদ্যোগ, প্রকাশিত ৮ গ্রন্থ