জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তিন হলের ভোটগণনা শেষ হয়েছে। হলগুলো হচ্ছে- মীর মশাররফ হোসেন হল, কাজী নজরুল ইসলাম হল ও জাহানারা ইমাম হল। এখন চলছে আ ফ ম কামাল উদ্দীন হলের ভোটগণনা।
আজ রাত সাড়ে ১১টার দিকে জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, সবগুলোর হলের ভোটগণনা করতে আজ সারারাত লাগবে। আশা করি, শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।
জাকসু নির্বাচনে প্রায় ৬৮ শতাংশ ভোট দিয়েছেন শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ৯টায় জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ।
এ নির্বাচনে ২৫ পদের বিপরীতে লড়ছেন ১৭৯ জন প্রার্থী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হলের ৩১৫টি পদে লড়ছেন ৪৬৭ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। এরমধ্যে ছাত্র ৬ হাজার ১০২, ছাত্রী ৫ হাজার ৮১৭ জন।