এবারের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নে প্রায় ৫ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস করায় খাতা মূল্যায়নে দুর্বলতা ও ব্যর্থতা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। সংশ্লিষ্ট পরীক্ষকদের চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আগে খাতা পুনর্মূল্যায়নের সুযোগ ছিল না। শুধু টেবুলেশন শিট থেকে নম্বর যোগ করা হতো। এবার খাতা পুনর্মূল্যায়নের ব্যবস্থা আইনগতভাবে ১৯৮০ সালের অ্যাক্টের মধ্যে সংযোজন করা হয়েছে।
তিনি বলেন, এবার চার লাখ পুনর্মূল্যায়নের আবেদন করা হয়েছিল। তত্ত্বীয় স্ক্রিপ্টের জন্য আবেদন হয়েছিল ১০ লাখ ৫৬ হাজার এবং ব্যবহারিক স্ক্রিপ্টের জন্য ২ লাখ ৩১ হাজার। অর্থাৎ মোট স্ক্রিপ্টের আবেদন ছিল ১২ লাখ ৮৭ হাজার, যা পাসের সংখ্যার চেয়েও বেশি।
মন্ত্রী জানান, পুনর্মূল্যায়নে ২৭ হাজার ৮৩৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। নম্বর পরিবর্তন হয়েছে ৫৬ হাজার ২৫৯ জনের। আর ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন।
তিনি বলেন, ‘প্রায় ৫ হাজার যারা ফেল করেছিল, পরে দেখা গেল যে তারা পাস করেছে। আর সবচেয়ে বড় সারপ্রাইজ হওয়ার বিষয়টি হলো—৩ হাজার ৭৯ জন জিপিএ-৫ বা এ প্লাস পেয়েছে। বিগত দিনগুলোতে এই ব্যবস্থাটি না থাকার কারণে কত ছাত্র-ছাত্রী তাদের সঠিক রেজাল্ট থেকে বঞ্চিত হয়েছে?’
শিক্ষামন্ত্রী বলেন, ‘অনেক পরীক্ষার্থী আত্মহত্যা করে, এটা আমরা লক্ষ্য করেছি বলেই এই ব্যবস্থা নিয়েছি এবং এই ব্যবস্থা নেওয়ার পরে আর কেউ আত্মহত্যা করবে না।’
পরবর্তীতে আরো কিছু নতুন চমক আসবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা দেখাতে পেরেছি যে, খাতা পুনর্মূল্যায়নের বিষয়ে আমাদের পরীক্ষকদের দুর্বলতা রয়েছে। এই খাতাগুলো আলাদা করে ফেলা হয়েছে এবং আরেকটি কমিটি করে এই মূল্যায়িত খাতাগুলোর কার কী কী দুর্বলতা রয়েছে, সেগুলো আমরা পুনর্মূল্যায়ন এবং সেইভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা করব।’
তিনি আরো বলেন, যারা এই মূল্যায়নে ব্যর্থ হয়েছেন, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, তা আগামীতে সবাই জানতে পারবেন। ইতোমধ্যে ব্যর্থ পরীক্ষকদের চিহ্নিত করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।