রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) মিডিয়া ও প্রকাশনা বিভাগের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘নবীন সাংবাদিক ফেলোশিপ ও প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় রাকসুর কনফারেন্স রুমে অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মশালার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রশিক্ষণ শেষে ১০ অক্টোবর সনদপত্র বিতরণের মাধ্যমে এটি শেষ হবে।
উদ্বোধনী সেশনে রাকসুর মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মো. মুজাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ গালিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও ‘রাজশাহী সংবাদ’-এর প্রধান সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ, রাকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের জিসান, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সহসভাপতি সাজিদ হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু) সভাপতি নূর আহসান মৃদুল এবং সাধারণ সম্পাদক ইবতেসাম হাসান শান্ত।
এই কর্মশালায় কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার রাজশাহী ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার এম শামীম। পাশাপাশি দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও রুরুর সভাপতি নূর আহসান মৃদুল, প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজিদ হোসেন এবং আমার দেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ফাহমিদুর রহমান ফাহিম মেন্টর হিসেবে নবীন সাংবাদিকদের দিকনির্দেশনা দেবেন।
আয়োজকেরা জানান, পাঁচ দিনব্যাপী এ কর্মশালায় বাছাইকৃত ২৭ জন নবীন সাংবাদিক ফেলো হিসেবে অংশগ্রহণ করছেন। এতে সাংবাদিকতার মৌলিক বিষয়, সংবাদ সংগ্রহ, প্রতিবেদন লিখন, তথ্য যাচাই, সাক্ষাৎকার গ্রহণসহ প্রিন্ট, অনলাইন, এআই এবং টেলিভিশন সাংবাদিকতার নানা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
কর্মশালার প্রথম দিন (৬ অক্টোবর) ‘প্রিন্ট ও মূলধারার সাংবাদিকতা: সংবাদের পরিচয়, উৎস সন্ধান, সংগ্রহ ও লিখন কৌশল’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ডা. নাজিব ওয়াদুদ। দ্বিতীয় দিন (৭ অক্টোবর) এখন টিভির রিপোর্টার মারুফ হাসানের পরিচালনায় ‘মোজো, সোশ্যাল মিডিয়া ও কনটেন্ট ক্রিয়েশন’ বিষয়ক সেশনে স্মার্ট রিপোর্টিং ও নতুন যুগের কনটেন্ট নিয়ে আলোচনা করা হবে।
তৃতীয় দিন (৮ অক্টোবর) বুম বাংলাদেশের ফ্যাক্ট চেকার ও পিআইবি প্রশিক্ষক তাওসিফ আকবরের পরিচালনায় ‘এআই সাংবাদিকতা ও ফ্যাক্ট চেকিং’ সেশনে নিউজরুমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও এআই এথিকস তুলে ধরা হবে।
চতুর্থ দিন (৯ অক্টোবর) প্রথম সেশনে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের নিজস্ব প্রতিবেদক ডালিম হোসেন শান্ত ‘সাংবাদিকতায় নৈতিকতা ও সাইবার সুরক্ষা আইন’ এবং দ্বিতীয় সেশনে বিএফইউজে’র যুগ্ম-মহাসচিব ও কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান ড. সাদিকুল ইসলাম স্বপন ‘সাংবাদিকতার ধরন ও চ্যালেঞ্জ’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন।
সবশেষে আগামী ১০ অক্টোবর (শনিবার) পঞ্চম ও শেষ দিনে সময় টিভির সিনিয়র রিপোর্টার তাসলিমুল আলম তৌহিদ ‘টেলিভিশন ও ব্রডকাস্ট সাংবাদিকতা’ বিষয়ে ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার: ব্রডকাস্ট জার্নালিজম ও স্ক্রিনের গল্প’ তুলে ধরবেন এবং এর মাধ্যমেই প্রশিক্ষণ কর্মশালাটি সম্পন্ন হবে।