হোম > শিক্ষা

তিন বছরেও চালু হয়নি ডোপ টেস্টভিত্তিক ভর্তি প্রক্রিয়া

ইব্রাহিম খলিল, খুবি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৩ সাল থেকে স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের ডোপ টেস্টের মাধ্যমে ভর্তির কথা থাকলেও, গত তিন বছরে তা কার্যকর হয়নি। যদিও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ডোপ টেস্টের প্রত্যয়ন ইতোমধ্যেই বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে সিদ্ধান্তটি শুধু কাগজেই সীমাবদ্ধ রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

এর আগে, ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর মাদকবিরোধী এক শোভাযাত্রায় তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেন, শিক্ষার্থীদের ভর্তির সময় ডোপ টেস্ট পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায়ও এটি বাধ্যতামূলক করা হবে। পরবর্তী সময়ে ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তরের আওতায় একটি কমিটি গঠন করা হয়। তবে তিন বছর পার হলেও সেই সিদ্ধান্ত বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আগামী ২০ জুলাই শুরু হচ্ছে নবীনদের ক্লাস, কিন্তু ডোপ টেস্ট বাস্তবায়ন এখনো অনিশ্চিত।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির বাংলা বিভাগের শিক্ষার্থী পারভেজ মোশাররফ বলেন, ডোপ টেস্ট চালুর ঘোষণা আগেই দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে তার কোনো কার্যক্রম আমরা দেখিনি। ফলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে মাদকের প্রভাব বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

ইতিহাস ও সভ্যতা বিভাগের শিক্ষার্থী এম রিয়াজ বলেন, মাদকাসক্তি নিয়ন্ত্রণে ডোপ টেস্ট কার্যকর হাতিয়ার হতে পারে। যাদের রিপোর্ট পজিটিভ আসবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করলে সমস্যা অনেকটা কমে আসবে।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদা বলেন, ডোপ টেস্টের মাধ্যমে সহজেই শনাক্ত করা যায় কেউ মাদকাসক্ত কি না। এটি ব্যক্তির মানসিক ও শারীরিক সুস্থতা নির্ণয়ে গুরুত্বপূর্ণ একটি উপায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, শুধু স্নাতক প্রথম বর্ষ নয়, বরং স্নাতকোত্তরসহ সব শিক্ষার্থীর পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে আবাসিক শিক্ষার্থীদের দিয়ে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করব। এ বছরেই এর বাস্তবায়ন শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জবি ভিসির পিএসের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমেরিকান সংবিধান দিবস উদযাপন

এলএলবি পরীক্ষার ফি কমাল জাতীয় বিশ্ববিদ্যালয়: ফরম পূরণের নতুন সময়সূচি ঘোষণা

জাতীয় সংগীত পরিবেশনের সময় ব্যাকগ্রাউন্ডে হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ

পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: ইউজিসি চেয়ারম্যান

সাইবার ঝুঁকি মোকাবিলায় সতর্ক হতে হবে: উপাচার্য আমানুল্লাহ

বাসায় ডেকে পরীক্ষার্থীকে খাতায় লেখালেন পরীক্ষক, বোর্ডের তদন্ত কমিটি

মাদরাসা শিক্ষাখাতে স্কুল-কলেজের মতো সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি

‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ গড়ে তুলতে ছাত্রদলকে সহযোগিতার আশ্বাস ঢাবি প্রশাসনের

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন