জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা আগামী নভেম্বর মাসের মধ্যেই সম্পূরক বৃত্তি পাবেন বলে আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ।
মঙ্গলবার বিকেলে ইউজিসি কার্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এ আশ্বাস দেন।
শাখা সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, আজকের বৈঠকে ইউজিসি চেয়ারম্যান আমাদের আশ্বস্ত করেছেন যে অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীরা সম্পূরক বৃত্তি পাবে। তবে বৃত্তির অর্থ দুই ধাপে শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে—এক অংশ অর্থ মন্ত্রণালয় থেকে, আরেক অংশ ইউজিসি থেকে দেওয়া হবে। আমরা আশা করছি কোনো ধরনের অজুহাত বা বিলম্ব ছাড়া এই অর্থ শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে।
সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরা ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছি। তিনি দ্রুত বৃত্তি প্রদানের আশ্বাস দিয়েছেন। আমরা আশা করি, এবার আর আগের মতো আশ্বাসে আটকে থাকবে না, বাস্তবায়নও হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, ইউজিসি সদস্য অধ্যাপক ড. তাজনিমুদ্দীন খান, জবি শিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, অফিস সম্পাদক ইব্রাহীম খলীল, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ছাত্রকল্যাণ সম্পাদক মোহাম্মদ ফারুক।