শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ আন্তর্জাতিক গ্রিন আর্কিটেকচার সম্মেলন (আইসিজিআরএ ২০২৬)। দুই দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের গবেষকদের ৮৫টি গবেষণাপত্র ও ৪৫টি পোস্টার উপস্থাপন করা হবে।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আর্কিটেকচার বিভাগের শিক্ষকেরা এসব তথ্য জানান।
‘অপটিমাইজড ডিজাইন ফর এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবল হ্যাবিট্যাটস (ডিইএসএইচ)’ প্রতিপাদ্যে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আর্কিটেকচার বিভাগের গ্রিন আর্কিটেকচার সেল (গ্রেস) এবং শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগ। টেকসই স্থাপত্য ও আবাসস্থল উন্নয়নে উদ্ভাবনী ধারণার বিকাশ, গবেষণা বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
সম্মেলনের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. মো. আশিকুর রহমান জোয়ারদার এবং কো-চেয়ার হিসেবে রয়েছেন শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগের প্রধান অধ্যাপক ইফতেখার রহমান।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টারের স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড সিটিজের গ্লোবাল এনগেজমেন্ট বিভাগের পরিচালক অধ্যাপক ড. জুলিও ভারদিনি। তাঁর প্রবন্ধের শিরোনাম— ‘ক্লাইমেট আরবানিজম: গ্রাউন্ডিং অ্যাকশনস, রিইম্যাজিনিং আরবান ফিউচারস’।
এ ছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের শিক্ষক ও ২০২২ সালের মর্যাদাপূর্ণ ‘আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’ বিজয়ী স্থপতি খন্দকার হাসিবুল কবির ‘হ্যাবিট্যাট কো-ক্রিয়েশন উইথ কমিউনিটিজ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
সম্মেলনের অংশ হিসেবে ‘গ্লোবাল সিনার্জিস ফর সাসটেইনেবল হ্যাবিট্যাট ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি গবেষণা সেমিনার অনুষ্ঠিত হবে। এতে টেকসই নির্মাণপ্রযুক্তি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মানচিত্রায়ন, জলবায়ু-সহনশীল বসতি, নগরায়ণ এবং নির্মিত পরিবেশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।
মূল প্রবন্ধ উপস্থাপনা ও গবেষণা সেমিনার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এবং কারিগরি অধিবেশনগুলো একাডেমিক ভবন ‘ই’-এর চতুর্থ তলায় আর্কিটেকচার বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে। এছাড়া সম্মেলন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ই-বিল্ডিং প্রাঙ্গণে একটি স্থাপত্য প্রদর্শনীর আয়োজন করা হবে, যেখানে দেশের বিভিন্ন স্থাপত্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নকশা ও স্থাপত্যকর্ম প্রদর্শিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম। এ ছাড়া অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের উপদেষ্টা মেহের সুলতানা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরিফুল ইসলামের উপস্থিত থাকার কথা রয়েছে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এ আয়োজনের প্ল্যাটিনাম স্পনসর হিসেবে রয়েছে মিরপুর সিরামিকস ও খাদিম সিরামিকস। গোল্ড স্পনসর লাফার্জহোলসিম বাংলাদেশ ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)।
এ ছাড়া সিলভার স্পনসর হিসেবে রয়েছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, আর্কজিন ও ভলিউমেট্রিক ডিজাইনার্স।