রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৮ জন নবীন শিক্ষার্থীকে সাংবাদিক ফেলোশিপ ও সনদ প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। সাংবাদিকতায় আগ্রহী নবীন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে তাঁদের হাতে ফেলোশিপ ও সনদ তুলে দেওয়া হয়।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে রাকসুর মিডিয়া ও প্রকাশনা বিভাগের আয়োজনে কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে দিকনির্দেশনা দেন। সমাজে সাংবাদিকদের দায়িত্ব ও করণীয় তুলে ধরে তাঁরা বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে সাংবাদিকতা পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তাঁরা আশাবাদী।
প্রশিক্ষণ শেষে নিজেদের অনুভূতি প্রকাশ করেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল মমিন সরকার বলেন, পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নিয়ে সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শেখার সুযোগ পেয়েছেন তাঁরা। বিশেষ করে সংবাদ সংগ্রহ, সংবাদ লেখা ও তথ্য যাচাইয়ের বিষয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন। এ প্রশিক্ষণ ভবিষ্যতে সাংবাদিকতা চর্চায় সহায়ক হবে বলে তিনি মনে করেন। শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ নেওয়ায় রাকসুকে ধন্যবাদ জানান তিনি।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আফসানা ফিহা বলেন, সাংবাদিকতার প্রতি আগ্রহ থাকলেও অনেক বিষয়ে বাস্তব অভিজ্ঞতার অভাব ছিল তাঁর। এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতার নীতি-নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা সম্পর্কে ধারণা পেয়েছেন। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করতে চান তিনি। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের প্রত্যাশা জানান।
অনুষ্ঠানে রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা সাংবাদিকতার মৌলিক বিষয়গুলো শিখে বাস্তব জীবনে কাজে লাগাতে পারবেন বলে তাঁদের প্রত্যাশা। তাঁরা যেন সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, বস্তুনিষ্ঠ সংবাদ লেখা ও নৈতিক সাংবাদিকতার চর্চা করতে পারেন, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে অপতথ্য ও গুজবের বিস্তার রোধে দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই। প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা শুধু নিজেদের দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তুলবেন না, বরং সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের কথাও তুলে ধরবেন—এমন প্রত্যাশা তাঁদের। শিক্ষার্থীদের সৃজনশীলতা, দক্ষতা ও নেতৃত্ব বিকাশে রাকসু এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে চায়। প্রশিক্ষণার্থীরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয় ও সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাকসুর মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদ ইসলাম বলেন, রাকসুর উদ্যোগে ২৮ জন নবীন শিক্ষার্থীকে নিয়ে পাঁচ দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণের আয়োজন করতে পেরে তাঁরা আনন্দিত। শিক্ষার্থীরা যেন সাংবাদিকতার মৌলিক বিষয়গুলো হাতে-কলমে শিখতে পারেন এবং সংবাদ সংগ্রহ, লেখা ও তথ্য যাচাইয়ের দক্ষতা অর্জন করেন, সে লক্ষ্যেই এ আয়োজন।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে অপতথ্য ও গুজব প্রতিরোধে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব অনেক বেশি। প্রশিক্ষণার্থীরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সত্যনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতার চর্চা করবেন বলে তাঁরা আশা করেন। শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে রাকসুর এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক জনসংযোগ দপ্তরের প্রশাসক আখতার হোসেন মজুমদার নবীন সাংবাদিকদের মধ্যে ছাত্রীদের অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, “এখানে যারা নতুন করে সাংবাদিকতা শুরু করেছে, তাদের মধ্যে বিশেষ করে ছাত্রীদের দেখে আমি খুবই উৎসাহিত হয়েছি। আমি যখন সাংবাদিকতায় ছিলাম, তখন যাদের সঙ্গে সময় কাটিয়েছি, তাদের মধ্যে মাত্র একজন ছাত্রীকে দেখেছিলাম। পরে আরও দুজন ছাত্রী নতুন করে শুরু করেছিল। এখন এখানে নতুনদের মধ্যে ছয়জনকে দেখা যাচ্ছে। এটি খুবই উৎসাহব্যঞ্জক। আশা করি, সবাই ভালো করবে। সবার জন্য শুভকামনা রইল।”
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে নবীন শিক্ষার্থীরা সাংবাদিকতার মৌলিক বিষয়, সংবাদ সংগ্রহ, সংবাদ লেখা, তথ্য যাচাই এবং পেশাগত নীতি-নৈতিকতা সম্পর্কে ধারণা পেয়েছেন। আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাংবাদিকতা চর্চায় সহায়ক হবে এবং দায়িত্বশীল সাংবাদিক হিসেবে গড়ে উঠতে ভূমিকা রাখবে।