চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও ‘লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ’ (এলইবি)-এর উদ্যোগে শিক্ষার্থীদের আইনি সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ‘আইনের আলো’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য সম্মেলনকক্ষে গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, এলইবির উপদেষ্টা ও চট্টগ্রাম জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সাইফুল আবেদীন, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব এবং আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, সাধারণ শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের নানা আইনি সমস্যা সম্পর্কে সচেতন করা এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পর্কে সহজ ও স্পষ্ট ধারণা দেওয়ার উদ্দেশ্যেই বইটি প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি যেকোনো প্রয়োজনে সঠিক আইনি পদক্ষেপ নেওয়ার দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
বিশেষ করে ‘আইনের আলো’ বইটিতে অনলাইন জিডি করার নিয়ম, মামলা ও অভিযোগ দায়েরের প্রাথমিক প্রক্রিয়া, হারানো মোবাইল ফোন উদ্ধারে করণীয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ সংক্রান্ত অভিযোগ দায়েরসহ প্রতিদিনের প্রয়োজনীয় বিভিন্ন আইনি বিষয়ে সহজ ভাষায় ধাপে ধাপে নির্দেশিকা উপস্থাপন করা হয়েছে।
এ বিষয়ে চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ বলেন, প্রতিদিনই অনেক শিক্ষার্থী বিভিন্ন আইনি জটিলতা ও পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করেন। কীভাবে জিডি করতে হবে, অভিযোগ জমা দিতে হবে কিংবা বিভিন্ন আইনি সমস্যায় কোথায় প্রতিকার পাওয়া যাবে—এসব তথ্য সহজে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। চাকসুর প্রথম কার্যনির্বাহী সভা থেকেই আমরা শিক্ষার্থীদের আইনি সচেতনতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, তারই ধারাবাহিকতায় এই প্রকাশনা।
জেডএম