হোম > শিক্ষা > ক্যাম্পাস

পূর্বনির্ধারিত সময়সূচিতে হবে ঢাবির ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকছে না। নির্ধারিত তারিখেই বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আপিল বিভাগের এ আদেশের ফলে ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটে গেছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম পরীক্ষা হবে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধীনে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের মাধ্যমে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। ইউনিটগুলো হলো—কলা, আইন ও সামাজিক বিজ্ঞান; বিজ্ঞান; ব্যবসায় শিক্ষা; চারুকলা এবং আইবিএ।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর (শনিবার), বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর (শনিবার), কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর (শনিবার), চারুকলা ইউনিটের ২২ ডিসেম্বর (মঙ্গলবার) এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ২৬ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে।

আইবিএ ইউনিট ছাড়া বাকি চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্যদিকে, আইবিএ ইউনিটের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান ও অঙ্কন—এই দুই অংশে পরীক্ষা নেওয়া হবে।

এর আগে গত ১৮ নভেম্বর এইচএসসি পরীক্ষার সম্পূরক পরীক্ষা ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজন না করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশের ফলে বিশ্ববিদ্যালয়গুলোর চলমান ভর্তি কার্যক্রম ও পূর্বনির্ধারিত পরীক্ষার সময়সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। পরে বিষয়টি শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। সোমবার শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করেন। ফলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকল না।

নারীদের দক্ষতা উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘শি স্কিলস’ কর্মসূচি উদ্বোধন

ঢাবিকে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে জবিতে র‍্যালি-সমাবেশ

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে জবি ছাত্রদলের ব্যতিক্রমী আয়োজন

জাবিতে জুলাই গণহত্যা পুনঃতদন্ত ও চার দাবিতে স্মারকলিপি ছাত্রশিবিরের

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

একযোগে ১৩ ছাত্রদল নেতা বহিষ্কার

ঢাকা কলেজের হলপাড়ায় ককটেল বিস্ফোরণ

রাকসুর দাবিতে টানা ৮০ ঘণ্টা ধরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান