হোম > শিক্ষা > ক্যাম্পাস

‘বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা’ ব্যানার টাঙানোয় ইবি ছাত্রশক্তির আহ্বায়ককে শোকজ

প্রতিনিধি, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ‘বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা’ শীর্ষক ব্যানার টাঙানোর অভিযোগে শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের স্বাক্ষরিত এক চিঠিতে এ শোকজ জারি করা হয়। সন্ধ্যা ৭টার দিকে ফেসবুক লাইভে এসে বিষয়টি জানান ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান।

নোটিশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান উপেক্ষা করে ক্যাম্পাসের ঝাল চত্বরে গাছের সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নামসংবলিত একটি ব্যানার টাঙানোর বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। এ কর্মকাণ্ডের কারণে ক্যাম্পাসের স্বাভাবিক ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নোটিশে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নষ্ট করার দায়ে ফুয়াদ হাসানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে হবে।

এ বিষয়ে ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, কিছুক্ষণ আগে ব্যানারটি আবারও ছিঁড়ে ফেলা হয়েছে। ব্যানারটি ছিঁড়ে ফেলার পর প্রক্টর অফিস থেকে আমাদের কাছে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। এখন হয়তো আমার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় কী ধরনের ব্যবস্থা নেয়, তা জানি না।

তিনি আরও বলেন, ‘আজকে এই সরকার, এই প্রশাসন পুরোপুরি স্বৈরাচার হয়ে গেছে। আমাদের সব রক্ত, শহীদদের রক্ত বৃথা চলে গেছে—এটুকুই আমরা বলব। আমরা সরকারের সমালোচনা করে একটি ব্যানার লাগাতে পারলাম না। এ কারণে আজ আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। এই বিচার আমি কার কাছে দেব, জানি না। বাংলাদেশের জনগণ এবং ছাত্রসমাজের কাছে আমি এই বিচার দিলাম।’

এর আগে সোমবার দুপুরে ক্যাম্পাসের ঝাল চত্বরে ‘বিএনপি সরকারের ২০০ দিনের যত ব্যর্থতা’ শীর্ষক একটি ব্যানার টাঙান ছাত্রশক্তির নেতারা। পরে ক্যাম্পাসের কার্যক্রম শেষ হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে ব্যানারটি অপসারণ করা হয়।

সন্ধ্যার পর ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিলে ব্যানার অপসারণের বিষয়টি সামনে আসে। পরে মঙ্গলবার দুপুরে ছাত্রশক্তির নেতারা আবারও একই ব্যানার টাঙান। এর পরিপ্রেক্ষিতে ছাত্রশক্তির আহ্বায়কের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে প্রক্টর অফিস।

এ বিষয়ে সোমবার জানতে চাইলে ইবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রশাসনের নির্দেশনায় প্রক্টর অফিস থেকে এটি খুলে নেওয়া হয়েছে।

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে হাবিপ্রবিতে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান

গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন বাকৃবির অধ্যাপক ড. বাহানুর রহমান

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার স্বচ্ছ তদন্ত ও বিচার চায় সিপিজে

চাকসুর মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন আকাশ দাশ

রাবিতে প্রতিবাদের ঝড়, মানববন্ধন ও তদন্ত কমিটি গঠন

সাংবাদিকদের দাবির মুখে রাবির জিয়া হলের প্রভোস্টকে অব্যাহতি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

অপ্রতিম হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি চান বাবা

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ঢাকসাসের নিন্দা