হোম > শিক্ষা > ক্যাম্পাস

তদন্ত কমিটির নোটিশেও সাড়া মিলছে না সাংবাদিক হামলায় জড়িতদের

শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর হামলা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

রাজধানীর শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির নোটিশেও অধিকাংশ অভিযুক্তের সাড়া না পাওয়ার অভিযোগ উঠেছে। তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, অভিযুক্ত ১২ জনের মধ্যে মাত্র একজন উপস্থিত হয়ে ব্যাখ্যা দিয়েছেন, বাকিরা বিভিন্ন অজুহাতে সাড়া দিচ্ছেন না।

ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন একটি ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে এবং তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়। তবে নির্ধারিত সময়ে তদন্ত শেষ করতে না পারায় কমিটি অতিরিক্ত সাত কার্যদিবস সময় নেয়, যা আগামী বৃহস্পতিবার শেষ হওয়ার কথা।

তদন্ত কমিটির আহ্বায়ক ও সহকারী প্রক্টর অধ্যাপক মাহবুব কায়সার বলেন, “অভিযুক্তদের মধ্যে মাত্র একজন রেসপন্স করেছে। অন্যরা কেন সাড়া দিচ্ছে না। তবে তারা কেন সাড়া দিচ্ছে না সেটিও আমরা বিশ্লেষণ করছি। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের সংশ্লিষ্টতা ও ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরেই প্রতিবেদন প্রস্তুত করা হবে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সময়সীমা নির্ধারণ করে দিয়েছে, তার মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া হবে। কেউ সাড়া না দিলেও তদন্ত কার্যক্রম থেমে থাকবে না। আমরা আমাদের এখতিয়ার ও সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করছি।”

তদন্তে কোনো চাপ বা বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, এখন পর্যন্ত তেমন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হননি, তবে কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রয়োজনে সেগুলোও জানানো হবে।

এদিকে তদন্তের অগ্রগতি সম্পর্কে ঢাবির প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, “তদন্ত কমিটি স্বাধীনভাবে কাজ করছে। তারা অতিরিক্ত সময় নিয়েছে এবং আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ, গত ২৩ এপ্রিল একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সংশ্লিষ্ট শিক্ষার্থী শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা থানাটি ঘেরাও করে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকরা বাধার সম্মুখীন হন এবং উসকানিমূলক পরিস্থিতি তৈরি করে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ জন সাংবাদিক আহত হন। এর ঘণ্টাখানেক পর একই ঘটনায় ডাকসুর কয়েকজন দুই নেতার ওপরও হামলার অভিযোগ পাওয়া যায়।

ঘটনার পর সাংবাদিক সংগঠন ও আহত সাংবাদিকরা ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তদন্ত কমিটি সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দিলেও অধিকাংশ অভিযুক্তের অনাগ্রহ তদন্ত প্রক্রিয়াকে জটিল করে তুলছে বলে উল্লেখ করছেন তদন্ত সংশ্লিষ্টরা।

এএস

কুয়েটকে বিশ্বমানের স্মার্ট ক্যাম্পাস করতে এক গুচ্ছ পরিকল্পনা

মধ্যরাতে তিতুমীর কলেজে ছাত্রীদের বিক্ষোভ, ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে উত্তাল

ঢাবির হলে ব্যানার টানানো কেন্দ্র করে ছাত্রদল-শিবির সমর্থকদের হাতাহাতি

১৩ বছরের নীরবতা ভাঙার সময় এসেছে, শাপলা চত্বর নিয়ে জবি উপাচার্য

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সমন্বিত বৈজ্ঞানিক উদ্যোগের আহ্বান

বাংলাদেশে শাখা স্থাপনে আগ্রহী ইউনিভার্সিটি অব ক্যানবেরা

ঢাবি গ্রন্থাগারে ৩ দিনের পাণ্ডুলিপি-বিষয়ক কর্মশালা শুরু

ঢাবি শিক্ষার্থীর মাস্টার্সে ভর্তিতে আর্থিক সহায়তায় ছাত্রদল নেতা

শাবিপ্রবির ছাত্রীকে হেনস্তা, অভিযুক্তের আবাসিক হলের আসন বাতিল

হাওরে স্বল্পমেয়াদি বোরো চাষে নতুন আশা, বন্যার আগেই কৃষকের ঘরে ধান