রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু) ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দ্য ডেইলি স্টার-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূরআহসান মৃদুল সভাপতি এবং দৈনিক আমাদের সময়-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইবতেসাম শান্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার বিকেল ৫টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে রুরুর প্রতিষ্ঠাকালীন অর্থসম্পাদক ও যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান শিবলী নোমান ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিডিনিউজ২৪-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ-উজ-জামান কোরবান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন স্টুডেন্ট জার্নালের ইনসান আলী, অর্থসম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আজকের পত্রিকার দীন ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য ঢাকা ডায়েরির মুনান হাওলাদার।
এ ছাড়া প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হয়েছেন ঢাকা স্ট্রিম/বাংলা স্ট্রিমের তাজনিন নিশাত ঋতু, দপ্তর সম্পাদক আরটিভি নিউজের তারিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডেইলি সানশাইনের মো. নাজমুল হুদা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্রেকিং নিউজের রাহাত আল খালেদ। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের বাংলার আতিকুর রহমান।
সংগঠনের ধারাবাহিকতা ও অভিজ্ঞতার আলোকে সদ্য বিদায়ী সভাপতি সোহাগ আলী (চ্যানেল ২৪/সোনার দেশ) এবং সাধারণ সম্পাদক আলজাবের আহমেদ (সময়ের আলো) নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটি ঘোষণার সময় সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আসিফ আহমেদ দিগন্ত, সদ্য বিদায়ী কমিটির উপদেষ্টা লাবু হক ও মারুফ হাসান মিলু, সদ্য বিদায়ী সভাপতি সোহাগ আলী এবং সাধারণ সম্পাদক আলজাবের আহমেদ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি নূরআহসান মৃদুল ও সাধারণ সম্পাদক ইবতেসাম শান্ত সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতার নৈতিক মান উন্নয়ন এবং সংগঠনের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রাখতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন তারা।