শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব। নবগঠিত এ কমিটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের শিক্ষার্থী রশিদ আবরারকে আহ্বায়ক এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. রিয়াজ হোসেনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের শিক্ষার্থী মিসবাহুর রহমান জাহিদ, যিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ রবিউল হোসেনকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম (জীবন)-কে মুখ্য সংগঠক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় শাখার এ আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের অধিকার, নেতৃত্ব বিকাশ ও ইতিবাচক ছাত্ররাজনীতির চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা বলেন, শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা পালন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গঠনমূলক ও ইতিবাচক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে জাতীয় ছাত্রশক্তিকে আরও সুসংগঠিত করা হবে।