হোম > শিক্ষা > ক্যাম্পাস

সাংবাদিকদের দাবির মুখে রাবির জিয়া হলের প্রভোস্টকে অব্যাহতি

তিন দিনের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

প্রতিনিধি, রাবি

সাংবাদিকদের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।

সোমবার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে আন্দোলনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে এ সিদ্ধান্ত জানান উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম।

উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, “সাংবাদিকদের সেন্টিমেন্টের প্রতি আমরা সম্মান জানিয়ে জিয়া হলের প্রভোস্টকে অব্যাহতি দিয়েছি। বাদবাকি বিষয়গুলো তদন্ত সাপেক্ষে শাস্তি নিশ্চিত করা হবে।”

এ বিষয়ে আন্দোলনরত সাংবাদিকরা বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছয়টি দাবি জানিয়েছিলাম। এর মধ্যে একটি দাবি তারা মেনে নিয়েছে—হল প্রভোস্টকে অব্যাহতি দেওয়ার মাধ্যমে। বাকি পাঁচটি দাবি বাস্তবায়নের জন্য প্রশাসন তিন দিন সময় চেয়েছে।”

তারা আরও বলেন, “আমরা চাই, এই তিন দিনের মধ্যে সুষ্ঠু তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শাস্তি নিশ্চিত করা হোক।”

হল প্রভোস্টের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটার পরও তিনি তাৎক্ষণিকভাবে কার্যকর কোনো ব্যবস্থা নেননি। হামলার সিসিটিভি ফুটেজ চাওয়া হলেও তিনি তা দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন সাংবাদিকরা। পরে হামলার গুরুত্বপূর্ণ ওই ফুটেজ মুছে ফেলারও অভিযোগ ওঠে। সাংবাদিকদের দাবি, হামলার সময় ও পরবর্তী পরিস্থিতি হল প্রভোস্টের উপস্থিতিতেই ঘটলেও তিনি হামলাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেননি।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই প্রভোস্টকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়। তবে সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগ অস্বীকার করে হল প্রভোস্ট দাবি করেছেন, সংস্কারকাজ চলায় সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন ছিল এবং সেখানে কোনো ফুটেজ সংরক্ষিত ছিল না।

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

অপ্রতিম হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি চান বাবা

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ঢাকসাসের নিন্দা

সাংবাদিক হামলার বিচারহীনতার অবসান চায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

সাংবাদিকদের ওপর ছাত্রদলের একের পর এক হামলার প্রতিবাদ ছাত্রশক্তির

রাবিতে ছাত্রদলের হামলার ঘটনায় অজ্ঞাত মামলা, সাংবাদিকদের ক্ষোভ

চুয়েটে ৫৬ দিনের উপাচার্যের জন্য ১৩ দিনের আন্দোলন

রাবিতে ছাত্রদলের হামলায় ৪ সাংবাদিকসহ আহত ১০

‘ফ্যাসিবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের