সরকারের লার্নিং ইউথ হেপিনেস কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী জেলা পর্যায়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৬।
সোমবার নেত্রকোনা সরকারি কলেজে আয়োজিত প্রতিযোগিতার মধ্য দিয়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খানের সভাপতিত্বে এতে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এই পর্বে নাচ, গান, কবিতা আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ের প্রতিযোগিতাগুলো চলবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, যুক্তিবোধ ও সাংস্কৃতিক প্রতিভার বিকাশের পাশাপাশি তাদের আত্মবিশ্বাসী ও দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে জেলা পর্যায়ের এ আয়োজনগুলোকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন কলেজে উৎসবের আমেজ তৈরি হয়েছে। জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে পরবর্তী ধাপে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের আয়োজন অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের কলেজের শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রও তৈরি হবে।