সঠিক তথ্য যাচাই এবং ভুয়া তথ্য মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) মিডিয়া ও প্রকাশনা বিভাগের উদ্যোগে ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।
রোববার দুপুর আড়াইটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্যা ডিসেন্ট-এর সম্পাদক কদরুদ্দিন শিশির। তিনি ফ্যাক্ট-চেকিংয়ের বিভিন্ন কৌশল, তথ্য যাচাইয়ের পদ্ধতি এবং ডিজিটাল মিডিয়ায় গুজব শনাক্তকরণ বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
রাকসুর সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ গালিবের সঞ্চালনায় প্রশিক্ষক কদরুদ্দিন শিশির বলেন, ওয়েবসাইটের ফ্যাক্ট-চেকিং ও ভিজিট বিশ্লেষণের মাধ্যমে বোঝা যায় কোন সংবাদমাধ্যম বা পত্রিকা বেশি ভুয়া তথ্য ছড়ায়। এতে সংশ্লিষ্ট মাধ্যম সম্পর্কে সতর্ক থাকা যায়। তিনি আরও বলেন, কোনো মাধ্যম যদি রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হয়, তবে সেই সংবাদ গ্রহণযোগ্যতা হারায়।
তিনি আরও বলেন, ধর্মীয়, জরিপ, সংঘাত এবং জাতীয়তাবাদী আবেগ-সম্পর্কিত সংবাদে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, কারণ এসব ক্ষেত্রে আবেগকে কাজে লাগিয়ে ভুল তথ্য ছড়ানো হয়। এছাড়া বিভিন্ন ফেক পেজে ভুয়া ফটোকার্ড তৈরি করে তথ্য প্রচারের প্রবণতাও রয়েছে। তাই পেজের নাম ও বানানের বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রাকসুর মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদ ইসলাম বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোনসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমের কারণে প্রতিনিয়ত অসংখ্য তথ্য আমাদের সামনে আসে। এর মধ্যে সত্য-মিথ্যা যাচাই করা কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, মিথ্যা তথ্য সত্য তথ্যের তুলনায় প্রায় ছয় গুণ দ্রুত ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, ফ্যাক্ট-চেকিং বিষয়ে এই কর্মশালায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত ইতিবাচক। এটি তাদের তথ্য যাচাইয়ে আরও সচেতন করে তুলবে।
রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, কোনো অভিযোগ বা তথ্য সামনে এলে সেটি যাচাই ছাড়া বিশ্বাস করা উচিত নয়। যাচাই-বাছাই ছাড়া তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এই কর্মশালা শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বিরসহ বিভিন্ন সম্পাদক, সহকারী সম্পাদক ও নির্বাহী সদস্যবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরাও কর্মশালায় অংশ নেন।