হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবির আইন বিভাগে শিক্ষার্থীদের জন্য ২৭ লাখ টাকার ট্রাস্ট ফান্ড গঠন

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অসচ্ছল ও শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় ‘বাংলাদেশ ল’ এসোসিয়েশন ইউ.কে ট্রাস্ট ফান্ড’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ল’ এসোসিয়েশন ইউ.কে-এর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ২৭ লাখ টাকার একটি চেক হস্তান্তর করা হয়েছে।

আগামী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে এই ট্রাস্ট ফান্ডের আওতায় প্রতিবছর ১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার কথা রয়েছে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সংলগ্ন সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ল’ এসোসিয়েশন ইউ.কে-এর সভাপতি মুহাম্মাদ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে ২৭ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে বাংলাদেশ ল’ এসোসিয়েশন ইউ.কে যে উদ্যোগ গ্রহণ করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে শারীরিক বা মানসিক প্রতিবন্ধী এবং অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এই ট্রাস্ট ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে তাদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে। বাংলাদেশ ল’ এসোসিয়েশন ইউ.কে-এর এই উদ্যোগকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে তিনি সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।

ট্রাস্ট ফান্ডের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষ এলএল.বি. (সম্মান) থেকে এলএল.এম. শ্রেণি পর্যন্ত নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে বৃত্তির জন্য ১৫ জনকে নির্বাচিত করা হবে। শারীরিক বা মানসিক প্রতিবন্ধী এবং অসচ্ছল শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য অগ্রাধিকার পাবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে এই বৃত্তি প্রদান কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে আইন বিভাগের আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করার পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সহজ করার লক্ষ্য রয়েছে।

শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি এ ধরনের ট্রাস্ট ফান্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক আরও জোরদার করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

যেভাবে বিদ্যুৎ সংকট কাটাতে চান প্রধানমন্ত্রী

চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ ও ১৮ এলএনজি কার্গো আমদানি করবে সরকার

বিশ্বের ভয়াবহতম হামের প্রাদুর্ভাব বাংলাদেশে

বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না

সরকারও মনে হয় আশির দশকে ফেরত যাচ্ছে: নাহিদ ইসলাম

জাতিসংঘে ভারতীয় সাংবাদিকের প্রশ্নে যা বললেন খলিলুর রহমান

বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশি সংস্থার ত্রাণ

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: আমিনুল হক

সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা মামুনুল হকের