হোম > শিক্ষা > ক্যাম্পাস

বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগ বিরোধী মিছিলে সংঘর্ষে জড়ালো ছাত্রদল, আহত ৮

প্রতিনিধি, বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজুসহ অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ভেতরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকটি মুঠোফোন (মোবাইল ফোন) ভাঙচুরের অভিযোগও উঠেছে।

ঘটনায় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ ও সিফাতের নেতৃত্বে হামলার অভিযোগ করেছেন মেজবাউল হক মিজু। তার অভিযোগ, শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারীরা তার ওপর হামলা করেন। তবে তায়েফ মাহমুদ দাবি করেছেন, মিছিলের আগে কেন্দ্রীয় নেতাদের অনুমতি না নেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে মিজুর অনুসারীরা প্রথমে তাদের ওপর হামলা করেন। অন্যদিকে হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন শফিকুল ইসলাম ও এ এম শোয়াইব।

সোহরাওয়ার্দী হলের একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু হলের জুনিয়র শিক্ষার্থীদের নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করতে হল থেকে বের হন। এ সময় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারী তায়েফ ও সিফাতের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হুমকি-ধমকির ঘটনা ঘটে। মিছিল শেষে হলে ফেরার পর আবারও দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়।

সোহরাওয়ার্দী হলের কৃষি অনুষদের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মিছিল শেষ করে হলে ফেরার পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতি শুরু হয়। এতে দুই পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। এ ছাড়া কয়েকটি মোবাইল ফোনও ভাঙচুর করা হয়েছে।

ভুক্তভোগী মেজবাউল হক মিজু বলেন, রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে আমরা সারা দেশে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল করে হলের দিকে আসছিলাম। তখন ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারীরা আমাদের ওপর অতর্কিত হামলা করেন। তাদের মধ্যে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ এবং সিফাতের নেতৃত্বে সোহরাওয়ার্দী হলের ২০ থেকে ৩০ জন এবং মাওলানা ভাসানী হল থেকে ৪০ থেকে ৫০ জন আমাদের ওপর হঠাৎ করেই হামলা করেন।

তিনি আরও বলেন, এ এম শোয়াইব সোহরাওয়ার্দী হলের দায়িত্বে আছেন এবং শফিকুল ইসলাম মাওলানা ভাসানী হলের দায়িত্বে আছেন। শফিকুল ইসলাম আমাকে গতকাল (বুধবার) হত্যার হুমকি দিয়েছিলেন। আর আজকে আমার ওপর অতর্কিত হামলা হয়। হামলাকারীরা আমার একটি ফোনও ছিনিয়ে নিয়ে গেছেন।

অভিযোগের বিষয়ে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তায়েফ মাহমুদ বলেন, সারা দেশে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা ছাত্রদলের সবাই অনেক সোচ্চার। তবে যেকোনো মিছিল-মিটিং করার আগে অবশ্যই আমরা কেন্দ্র থেকে অনুমতি নিই। আজকে যখন মিজু সোহরাওয়ার্দী হলের জুনিয়রদের নিয়ে মিছিল করতে বের হয়, তখন তাদের জিজ্ঞেস করি, তারা অনুমতি নিয়েছে কি না। সেই সময় মিজু উত্তরে বলে, সে কেন্দ্র মানে না। ঠিক তখন তার অনুসারী কয়েকজন আমার এবং সিফাতসহ কয়েকজনের ওপর হামলা করে। আমরা ওই সময় হামলা প্রতিহত করতে থাকি। এরই মধ্যে আমাদের মধ্যে ধাক্কাধাক্কি এবং হাতাহাতি হয়। দুই পক্ষেরই বেশ কয়েকজন এতে আহত হয়েছে। গত ৫ নভেম্বর একইভাবে আমাদের ওপর হামলা করে মিজুর অনুসারীরা।

অভিযোগের বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সদস্যসচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম বলেন, আমরা তিনটি হলের দেখভালের দায়িত্ব ভাগ করে নিয়েছি। সোহরাওয়ার্দী হলের দায়িত্বে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব। এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার বাড়ি ময়মনসিংহে হওয়ায় অনেকে মনে করেন, আমি হয়তো এলাকার প্রভাব খাটাই। তবে ওই ঘটনার সময় আমি ক্যাম্পাসেও উপস্থিত ছিলাম না।

ভাসানী হলের শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে তিনি বলেন, সাধারণত কোনো হলে মারামারির ঘটনা ঘটলে অন্য হলের শিক্ষার্থীরা তা দেখতে যায়। হয়তো আজও এমনটি হয়েছে। তবে এ বিষয়ে ভাসানী হল থেকে কেউ আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি।

বাকৃবি শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব বলেন, এই হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। হলের সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে আমার নেতৃত্বে কিছু হয়েছে কি না।

ঘটনার বিষয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আমি আপাতত এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না। যেহেতু তাদের কথা অনুযায়ী দুই পক্ষেরই দোষ রয়েছে, আমরা আমাদের হলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আগে নিশ্চিত হতে চাই আসল দোষী কে। তারপর তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।

সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ শিক্ষক-শিক্ষার্থী

রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মিলন ১৯ ও ২০ ডিসেম্বর

জগন্নাথ হলে প্রতিমা নির্মাণের অর্থায়ন ও অনুমোদন প্রক্রিয়া প্রকাশের দাবি

‘তোমার গাল বেশি নরম, হাতটা শক্ত’, ছাত্রীকে হাবিপ্রবি শিক্ষক দীপক কুমার

শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ, হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি

বাকৃবির জলাশয়ে ৩০০ কেজি মাছের পোনা অবমুক্ত

ববিতে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর, প্রক্টর অফিসে হস্তান্তর

অগ্নিসন্ত্রাস ও বোমা হামলার বিরুদ্ধে আপস নয়: ছাত্রদল

কুবির বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি