‘এমপাওয়ারিং উইমেন উইথ স্কিলস ফর এ গ্লোবাল ফিউচার’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা এবং বৈশ্বিক কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ‘শি স্কিলস’ কর্মসূচি উদ্বোধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
সোমবার রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, বর্তমান বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে প্রবেশের জন্য প্রয়োজনীয় বাস্তব দক্ষতা অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারীদের দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করা গেলে তাঁরা নিজেদের যোগ্যতা কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন।
তিনি বলেন, ‘শি স্কিলস’ কর্মসূচির মাধ্যমে নারীরা ফ্রিল্যান্সিং, যোগাযোগ দক্ষতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। প্রচলিত কর্মক্ষেত্রের পাশাপাশি অনলাইন ও বৈশ্বিক শ্রমবাজারেও কাজ করার পথ তৈরি করবে এ উদ্যোগ। প্রযুক্তির ব্যবহার, নতুন দক্ষতা অর্জন এবং আত্মবিশ্বাসের সঙ্গে কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে কর্মসূচিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নারীদের এগিয়ে নিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রফেসর আমানুল্লাহ বলেন, দক্ষতা অর্জন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সময়ের দাবি। এতে শিক্ষার্থীরা নিজেদের সক্ষমতা বিকাশের পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে পারবেন।
অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীন, উপায়ের হিউম্যান রিসোর্স বিভাগের প্রধান আলেয়া ফেরদৌসী এবং এডফিনিক্স লিমিটেডের সিইও লুৎফি চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা মাহমুদা ইয়াসমিন। এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন কলেজে এ কর্মসূচি আয়োজন করা হবে।