হোম > শিক্ষা > ক্যাম্পাস

খাবারে মাছি পেয়ে বাটি ছুড়লেন জাকসু নেতা, দোকান বন্ধ

প্রতিনিধি, জাবি

ছবি: আমার দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি খাবারের হোটেলে হালিমে মাছি পাওয়ার পর কর্মচারীর দিকে হালিমের বাটি ছুড়ে মারার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক হোসনে মোবারকের বিরুদ্ধে।

এ ঘটনার পর বুধবার রাত ৮টার দিকে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বটতলায় জোরপূর্বক অন্তত ২৫টি দোকান বন্ধ করে দেয়।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় ‘হাবিব ভাইয়ের হোটেলে’ খেতে যান জাকসু নেতা হোসনে মোবারক। এ সময় খাবারে মাছি পেয়েছেন, এমন অভিযোগ তুলে তিনি কর্মচারীর সঙ্গে অসদাচরণ করেন। এক পর্যায়ে হোসনে মোবারক হোটেলের কর্মচারীকে লক্ষ্য করে হালিমের বাটি ছুড়ে মারেন।

এরপর বুধবার বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফেসবুক গ্রুপগুলোতে এ ঘটনার প্রতিক্রিয়া জানাতে থাকেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা ৭টার দিকে একদল শিক্ষার্থী বটতলায় দোকানদারকে প্রতিবাদস্বরূপ দোকানগুলো বন্ধ রাখার নির্দেশ দেন। দোকানদারেরা বন্ধ করতে না চাইলে তাদের হুমকি দেওয়া হয়। পরে বাধ্য হয়ে দোকানদারেরা দোকান বন্ধ করে দেন।

প্রত্যক্ষদর্শীর বয়ান ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাবেক ছাত্রলীগ নেতা তূর্য কীর্তনিয়ার নেতৃত্বে ভাসানী হলের অধীনস্থ দোকান বন্ধ করছে। এরপর জোরপূর্বক দোকান বন্ধের খবর পেয়ে সেখানে উপস্থিত হন ছাত্রশক্তি থেকে নির্বাচিত কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতিসহ আরো কয়েকজন শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে এলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতি বলেন, ‘জাকসু নেতা হোসনে মোবারক যে ঘটনা ঘটিয়েছে, আমরা সবাই তার বিচার চাই। কিন্তু জোরপূর্বক বটতলার সব দোকান বন্ধ করে দেওয়া কোনো সমাধান নয়। আমরা দোকানপাট বন্ধ করে দেওয়ার বিপক্ষে ছিলাম।’

এদিকে কর্মচারীর গায়ে হালিমের বাটি ছুড়ে মারার অভিযোগ অস্বীকার করেছেন জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক হোসনে মোবারক। তিনি বলেন, ‘আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে খাবারে দুর্গন্ধযুক্ত দ্রব্যাদির মধ্যে যে মাছি থাকে, সেই মাছি দেখতে পেয়ে প্রতিবাদস্বরূপ বাটিটি ছুড়ে মারি। আমি তাকে শারীরিকভাবে কোনো আঘাত করিনি। খাবারের মান নিশ্চিত করা শুধু জাকসুর পক্ষে একা সম্ভব নয়। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে কোথাও সমস্যা দেখলে সঙ্গে সঙ্গে প্রতিরোধ গড়ে তোলা উচিত বলে আমি মনে করি।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আব্দুর রাজ্জাক জানান, দোকানদারের দিকে হালিমের বাটি ছুড়ে মারা এবং পরবর্তী সময়ে শিক্ষার্থীদের একটি অংশ দোকান বন্ধ রাখাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল। পরিস্থিতি নিবৃত্ত করা হয়েছে। আগামীকাল বসে বিষয়টি সমাধান করা হবে।

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯

ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

ডাকসুতে থাকা জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন উর্দু বিভাগের তৈয়ব হাবিলদার

বিপ্লবোত্তর অন্যরকম ডাকসুর এক বছর

আধুনিক ও সমৃদ্ধ রূপে উন্মোচিত হলো ডাকসু সংগ্রহশালা

কৃষিজমিতে সার ব্যবহারে সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন জবি গবেষকদের

চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি