হোম > শিক্ষা > ক্যাম্পাস

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বিটিএফ) ও ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব (ডিইউসিসি)। শুক্রবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে ‘বিটিএফ-ডিইউসিসি ফিদে র‍্যাপিড রেটেড চেস চ্যাম্পিয়নশিপ ২০২৬’ শীর্ষক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

তরুণদের মধ্যে দাবা চর্চার প্রসার, মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মননশীলতা ও ইতিবাচক চিন্তার বিকাশের লক্ষ্যে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

আয়োজকেরা বলেন, মানসিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলা, বিনোদন ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব রয়েছে। দাবার মতো বুদ্ধিবৃত্তিক খেলা মনোযোগ, চিন্তাশক্তি, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়াতে সহায়ক। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচলিত সংকোচ ও নেতিবাচক ধারণা দূর করতেও ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাইটার টুমোরো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ও ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম, ফেডারেশনের সিনিয়র যুগ্ম সম্পাদক ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ইনার হুইল ক্লাব অব লবেলিয়ার প্রেসিডেন্ট সাজেদা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের সভাপতি ফারিহা সুমনা এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. ফারজানা রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবটির সাধারণ সম্পাদক মো. সাজিদুল ইসলাম।

সভাপতির বক্তব্যে জয়শ্রী জামান বলেন, খেলাধুলা, বিনোদন ও সংস্কৃতিচর্চা মানুষের মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। ইতিবাচক পরিবেশ তৈরি করা গেলে বিষণ্নতা কমাতে সহায়তা করা সম্ভব। এ ভাবনা থেকেই দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, মানসিক সুস্থতা নিশ্চিত করতে মানুষের জীবনযাপনে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডের চর্চা বাড়ানো জরুরি। দাবার মতো বুদ্ধিবৃত্তিক খেলাকে অবহেলা না করে এর বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনের সিদ্ধান্তগুলো দাবার চালের মতো ভেবেচিন্তে নিতে হবে, যাতে ভুল পদক্ষেপের কারণে বড় ক্ষতি না হয়। আত্মহত্যা ও বিষণ্নতাকে না বলার পাশাপাশি মানসিক শক্তি ধরে রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

মানসিক কষ্ট একা চেপে না রেখে অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার পরামর্শ দিয়ে জয়শ্রী জামান বলেন, “কখনো মনের মধ্যে কোনো কষ্ট চাপা রাখবে না। কারও সঙ্গে শেয়ার করলে অনেকটা হালকা হওয়া যায়।” এ সময় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তোমার গোপন কথাটি, সখী, রেখো না মনে’ পঙ্‌ক্তির কথাও স্মরণ করেন তিনি।

মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. ফারজানা রহমান বলেন, দাবা মানসিক সুস্থতা বজায় রাখা এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে ভূমিকা রাখতে পারে। নিয়মিত দাবা চর্চা মনোযোগ, চিন্তাশক্তি, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে।

ইনার হুইল ক্লাব অব লবেলিয়ার প্রেসিডেন্ট সাজেদা আক্তার বলেন, মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি এবং বিভিন্ন সামাজিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ শিক্ষার্থীদের নানা সমস্যার মুখে ফেলছে। এ পরিস্থিতিতে তাদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে ইতিবাচক, সৃজনশীল ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা প্রয়োজন।

প্রতিযোগিতাটি বিশ্ববিদ্যালয় এবং স্কুল-কলেজ—দুই বিভাগে অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগে পয়েন্ট ও চূড়ান্ত অবস্থানের ভিত্তিতে সেরা ১০ জনকে পুরস্কৃত করা হয়। দুই বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা যথাক্রমে আট হাজার, ছয় হাজার ও পাঁচ হাজার টাকা করে পান। চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারীদের দেওয়া হয় তিন হাজার টাকা করে। ষষ্ঠ থেকে দশম স্থান অধিকারীরা পান পদক।

বিশ্ববিদ্যালয় বিভাগের ফলাফল

বিশ্ববিদ্যালয় বিভাগে ৬ দশমিক ৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন সুব্রত বিশ্বাস। ছয় পয়েন্ট পেয়ে প্রথম রানারআপ হন মোহাম্মদ শফিকুল ইসলাম এবং ৫ দশমিক ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রানারআপ হন অমিত বিক্রম রায়।

এ বিভাগে চতুর্থ স্থান অধিকার করেন এ এস এম সয়েব রেজা, পঞ্চম তানভীর আলম, ষষ্ঠ তাহমিদুল হক, সপ্তম মাইনুল আলম, অষ্টম রাকিবুল হাসান ইমন, নবম মো. রাইসান ইসলাম রাতুল এবং দশম আবরার রহমান।

স্কুল-কলেজ বিভাগের ফলাফল

স্কুল-কলেজ বিভাগে ৬ দশমিক ৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন রায়ান রশিদ মুগ্ধ। ছয় পয়েন্ট পেয়ে প্রথম রানারআপ হন মো. আজমাঈন পারভেজ সায়র এবং ৫ দশমিক ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রানারআপ হন সাফায়াত কিবরিয়া আজান।

এ বিভাগে চতুর্থ স্থান অধিকার করেন সিয়াম চৌধুরী, পঞ্চম শাদাত কিবরিয়া আয়ান, ষষ্ঠ আজরাফ আনান, সপ্তম আওসাফ চৌধুরী, অষ্টম মুহতাদি তাজওয়ার নাশীদ, নবম রাইয়ান সায়েদী এবং দশম মোহাম্মদ মাহীন রহমান।

আয়োজকেরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে তরুণদের মধ্যে দাবা চর্চা বাড়ানোর পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব। ভবিষ্যতেও তরুণদের মেধার বিকাশ, দাবা চর্চার প্রসার ও মানসিক স্বাস্থ্য সচেতনতায় এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শহীদ আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের সাহসী প্রতীক: ত্রাণমন্ত্রী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, ১ শিক্ষার্থী

নিকাব পরিহিত শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, ৭ দফা দাবি ছাত্রী সংস্থার

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ৩ বিশেষ কোর্স: ইউজিসি সদস্য ড. মামুন

চুয়েটে নতুন উপাচার্য আসার খবরে ফটকে তালা দিয়ে শিক্ষার্থীদের অবস্থান

ঘেরাও করে পদত্যাগপত্রে সই, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল উপাচার্যের কক্ষ

নিকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি

ঢাবিতে বোরকা-নিকাব পরা শিক্ষার্থীকে কটূক্তির ঘটনায় ইউটিএলের নিন্দা, তদন্ত দাবি