বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ। ২০১৯ সালের ৭ অক্টোবর ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেওয়া এক আবেগঘন ফেসবুক স্ট্যাটাসে তার ছোট ভাই আবরার ফাইয়াজ ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেছেন, সরকার পরিবর্তনের পরও বিচার শেষ না হওয়া হতাশাজনক। আগামী বছরের ৭ অক্টোবরের মধ্যে এই বিচারের অপেক্ষার অবসান দেখতে চেয়েছেন তিনি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই স্ট্যাটাসে আবরার ফাইয়াজ এই দীর্ঘ বিচারহীনতার আক্ষেপ তুলে ধরেন।
স্ট্যাটাসের শুরুতেই তিনি লেখেন, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর হয়ে গেল। আজ সারা দিন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনকে আবরার ফাহাদকে স্মরণ করে সভা ও দোয়ার আয়োজন করতে দেখা গেছে। ২০১৯ সালের কথা স্মরণ করে তিনি বলেন, সে সময় একের পর এক আসামি গ্রেপ্তারের পর তার মনে আশা জেগেছিল যে বিচার দ্রুত শেষ হবে। তখন তার বাবাকে তিনি বলেছিলেন, মানুষের ক্ষোভের কারণে বিচার হয়তো খুব দ্রুতই শেষ হবে। জবাবে তার বাবা বলেছিলেন, ‘না, ৫-৭ বছরের আগে বিচার শেষ হবে না।’ ফাইয়াজ হিসাব করে দেখেছিলেন, বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হতে তার প্রায় ৭ বছর লাগবে; তাই অন্তত বের হওয়ার আগেই বিচার শেষ ও রায় কার্যকর হতে দেখার প্রত্যাশা ছিল তার। অথচ আজ সেই সাত বছরও পার হয়ে গেছে।
বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তুলে ফাইয়াজ বলেন, ২০১৯ সালে আওয়ামী লীগ সরকারের আমলে বিচার বিলম্বিত হওয়া স্বাভাবিক ছিল। কিন্তু সরকার পরিবর্তনের প্রায় ২৬ মাস এবং একটি গণঅভ্যুত্থান হওয়ার পরও ২১ জন আসামি এখনো কারাগারে এবং মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় ঝুলে আছে। যারা একসময় আবরার হত্যার প্রতিবাদে মিছিল-মিটিং ও নিপীড়নের শিকার হয়েছেন, তারা অনেকেই এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আছেন এবং ১৭ বছরের ভুক্তভোগীরাই এখন ক্ষমতার অংশ।
তিনি আরও লেখেন, ‘সবকিছুর পরও একটা প্রশ্ন থেকেই যায়, আর কত দিন? এই মামলারই বিচারের যদি এই অবস্থা হয়, তাহলে মানুষ কীভাবে বিচারব্যবস্থার ওপর আস্থা ফিরে পাবে?’
স্ট্যাটাসের শেষে তিনি আকুল আবেদন জানিয়ে লেখেন, দেশের মানুষকে যেন আগামী ৭ অক্টোবর আর এই লজ্জা নিয়ে লিখতে না হয় যে, আবরার ফাহাদ হত্যার বিচার এখনো শেষ হয়নি বা রায় কার্যকর হয়নি। পরের বছর যেন সবাই বলতে পারেন— অন্তত এই একটি বিচারের অপেক্ষার অবসান হয়েছে।