বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের দুই নেতাকে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি মিয়া বাবুল ও মো. মিঠু।
বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মিয়া বাবুল এবং মো. মিঠুকে তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও জানানো হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১৯ মে) পোনাবাহি মাছবাহী একটি গাড়ি আটকে লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ ওঠে। চাঁদা না পেয়ে আরেকটি গাড়িতে ভাঙচুর এবং চালককে মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাধিক নেতার সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলেও কেবল দুই জনকে বহিষ্কার করা হয়েছে বলে সংশ্লিষ্ট মহলে সমালোচনা চলছে।