হোম > শিক্ষা > ক্যাম্পাস

ভুয়া পুলিশ পরিচয়ে খুবি শিক্ষার্থীকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্থাপত্য ডিসিপ্লিনের ২৫তম ব্যাচের শিক্ষার্থী সপ্তক দেবকে ভুয়া পুলিশ পরিচয়ে জিম্মি করে নগরীর বিভিন্ন স্থানে ঘুরিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শনিবার সোনাডাঙ্গা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী সপ্তক দেব (২০)।

অভিযোগপত্রে বলা হয়েছে, শনিবার দুপুর আনুমানিক ৩টার দিকে সোনাডাঙ্গা থানাধীন গল্লামারী মোড় এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে সপ্তক দেবকে জিম্মি করেন। পরে তাকে নগরীর বিভিন্ন স্থানে ঘুরিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নেয়।

একপর্যায়ে ওই ব্যক্তি সপ্তকের পরিবারের সদস্যদের ফোন করে ভয়ভীতি প্রদর্শন ও মানসিক চাপ সৃষ্টি করে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। পরে পরিবারের সদস্যরা দাবিকৃত টাকা পাঠাতে বাধ্য হন। অভিযোগে বলা হয়েছে, ওই টাকা নগরীর বয়রা এলাকার একটি রকেট এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশআউট করা হয়।

এ ছাড়া ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে থাকা নগদ ৫০০ টাকাও নিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন বলেন, “শিক্ষার্থীর কাছ থেকে বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

তিনি জানান, ইতোমধ্যে সংগৃহীত সিসিটিভি ফুটেজে এক ব্যক্তির পেছনে ওই শিক্ষার্থীকে হেঁটে যেতে দেখা গেছে।

ওসি আরও বলেন, “ফুটেজ থেকে সন্দেহভাজন ব্যক্তির ছবি সংগ্রহ করা হয়েছে। শুধু ছবি দেখে তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা কঠিন হলেও, ছবিটির মাধ্যমে তাকে শনাক্ত করার চেষ্টা চলছে।”

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দিতে হবে: ইউজিসি চেয়ারম্যান

শিক্ষকদের পেনশনের টাকা লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার করতে হবে: ইশরাক

জাবি ছাত্রদলের সদস্য সুমাইয়া সুলতানার পদত্যাগ

ইবির হল ডাইনিংয়ে পরিচ্ছন্নতা সংকট

ইবিতে সনদ-ট্রান্সক্রিপ্ট পেতে দীর্ঘসূত্রতা, শিক্ষার্থীদের ভোগান্তি

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা

চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ১১তম দিনেও বিক্ষোভ

মেধাতালিকায় ১৭তম, বসতভিটা না থাকায় নিয়োগ হলো না মিশনের

বিসিএস গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে রাকসুর মানববন্ধন

জাবির প্রক্টরের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক আব্দুল হালিম