চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। উপাচার্য ভবনের ফটকে আবারও তালা ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন তারা।
সোমবার সকালে নিয়োগের ২০ দিন পর উপাচার্য ভবনের ফটকের তালা ভেঙে নিজের দপ্তরে প্রবেশ করেন অধ্যাপক শেখ শরীফুল আলম। এ ঘটনার প্রতিবাদে ভবনের নিচে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা।
দুপুর সাড়ে ১২টার দিকে চুয়েটের উপাচার্য ভবনের সামনে গিয়ে দেখা যায়, সেখানে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন। ‘আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে’, ‘প্রত্যাখ্যান-প্রত্যাখ্যান, নতুন ভিসি প্রত্যাখ্যান’সহ নানা স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চুয়েটের নতুন উপাচার্য ক্যাম্পাসে আসার খবরে সকাল সাড়ে ৯টা থেকে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার জন্য আলটিমেটাম দেন তারা। একপর্যায়ে দুপুর ১২টার পর তারা ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন। উপাচার্য ভবনের বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছেন বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।