হোম > শিক্ষা > ক্যাম্পাস

ববি ছাত্রদলের চাঁদাবাজির ঘটনায় ক্ষুব্ধ কেন্দ্র, সভাপতি-সেক্রেটারিকে জরুরি তলব

প্রতিনিধি, ববি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের বিরুদ্ধে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্রীয় ছাত্রদল। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ঢাকায় জরুরি তলব করা হয়েছে।

বুধবার সকালে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি মাছের পোনাবাহী গাড়ি আটকে চাঁদা আদায়, চাঁদা না পেয়ে গাড়ি ভাঙচুর এবং চালককে মারধরের অভিযোগ প্রকাশ্যে আসার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় কেন্দ্রীয় ছাত্রদল। অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা জানতে এবং সাংগঠনিক অবস্থান পর্যালোচনার জন্যই দুই নেতাকে তলব করা হয়েছে।

শাখা ছাত্রদলের এক সহ-সভাপতি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “চাঁদাবাজির ঘটনাগুলো নিয়ে প্রকাশিত সংবাদ কেন্দ্রীয় নেতাদের নজরে এসেছে। এ কারণেই সভাপতি ও সেক্রেটারিকে ডাকা হয়েছে। তারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে সাংগঠনিক জটিলতায় পড়তে পারেন।”

বুধবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত বলেন, “আমরা এখনো কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি। সাক্ষাতের পর বিস্তারিত জানাতে পারব।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, “সাংগঠনিক কাজের অংশ হিসেবেই আমরা ঢাকায় এসেছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিষয় নিয়েও কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা হবে।”

ছাত্রদলের নবগঠিত কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত টিমের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারিক হাসান মামুন বলেন, “অভিযোগের বিষয়টি আমরা অবগত হয়েছি। প্রকাশিত সংবাদগুলো দেখেছি। অভিযুক্তদের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে।”

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

জবি ভিসির পিএসের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমেরিকান সংবিধান দিবস উদযাপন

জাতীয় সংগীত পরিবেশনের সময় ব্যাকগ্রাউন্ডে হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ

সাইবার ঝুঁকি মোকাবিলায় সতর্ক হতে হবে: উপাচার্য আমানুল্লাহ

‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ গড়ে তুলতে ছাত্রদলকে সহযোগিতার আশ্বাস ঢাবি প্রশাসনের

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

চাকসুর ‘আইনের আলো’ বইয়ের মোড়ক উন্মোচন

সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ হলে রান্নার চুলা দিলেন ছাত্রদল নেতা

ডাকসুর উদ্যোগে ‘মহানবি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন