হোম > শিক্ষা > ক্যাম্পাস

কৃষকদের জন্য এআইভিত্তিক অ্যাপ তৈরি করলেন বাকৃবি গবেষকরা

মিলবে আগাম পূর্বাভাস ও স্মার্ট পরামর্শ

প্রতিনিধি, বাকৃবি

কৃষিনির্ভর বাংলাদেশে সেচ ব্যবস্থাপনা, সারের সঠিক মাত্রা নির্ধারণ, বালাইনাশক প্রয়োগ, পোকামাকড় দমনসহ নানা সমস্যার মুখোমুখি হতে হয় কৃষকদের। বিশেষ করে প্রান্তিক কৃষকেরা অনেক সময় সময়োপযোগী পরামর্শ ও কার্যকর সমাধান থেকে বঞ্চিত হন। এসব সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বিত কৃষিভিত্তিক অ্যাপ তৈরি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।

অ্যাপটির নাম দেওয়া হয়েছে বিডি ফার্মমেট-এআই (BDFarmMate-AI)।এই অ্যাপের মাধ্যমে কৃষকরা ঘরে বসেই ফসলের রোগ শনাক্তকরণ, সার ব্যবস্থাপনা, আবহাওয়ার আপডেট, বাজার পরিস্থিতি এবং কৃষি-সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ পেতে পারবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রজেক্ট’ শীর্ষক দুই বছর মেয়াদি প্রকল্পের আওতায় অ্যাপটি তৈরি করা হয়েছে। প্রকল্পটির অর্থায়ন করছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রান্ট (আরডিজি)।

প্রকল্পের আওতায় একটি পূর্ণাঙ্গ অ্যান্ড্রয়েড ও ওয়েবভিত্তিক এআই প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এটি কৃষকদের জন্য ব্যক্তিকেন্দ্রিক পরামর্শ ও আগাম পূর্বাভাস দিতে সক্ষম হবে। গবেষণা কার্যক্রম চলতি বছরের ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং আগামী ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে।

প্রকল্পটির প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করছেন বাকৃবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রাকিব হাসান। সহযোগী গবেষক হিসেবে রয়েছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেছবাহ উদ্দিন, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. রোস্তম আলী এবং দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির বায়োসিস্টেমস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হাক জিন কিম।

প্রধান গবেষক অধ্যাপক ড. মো. রাকিব হাসান বলেন, বর্তমানে কৃষকেরা নির্ভরযোগ্য তথ্য, বাজার সংযোগ ও তাৎক্ষণিক পরামর্শের ঘাটতিতে ভোগেন। BDFarmMate-AI সেই সমস্যাগুলোর সমন্বিত সমাধান দেওয়ার চেষ্টা করবে। এই অ্যাপের মাধ্যমে কৃষকরা ফসলের রোগ শনাক্ত, সঠিক সার ব্যবস্থাপনা, আবহাওয়ার তথ্য এবং বিভিন্ন কৃষি পরামর্শ সহজেই পেতে পারবেন। কৃষির আধুনিকায়ন ও বিভিন্ন সমস্যা সমাধানে এই অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বিদ্যমান অনেক কৃষি অ্যাপ আংশিক সমাধান দিলেও আমাদের প্ল্যাটফর্মে এআই-সহায়িত ফসল ব্যবস্থাপনা, মূল্য পূর্বাভাস, কৃষি উপকরণ ও সেবা-সংক্রান্ত তথ্য এবং অংশীজনদের মধ্যে সমন্বিত যোগাযোগের সুবিধা থাকবে। ফলে কৃষকের সিদ্ধান্ত গ্রহণ আরও সহজ ও কার্যকর হবে।

আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষিকে আরও সহজ, লাভজনক ও প্রযুক্তিনির্ভর করে তুলছে। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি ফলন ও ফসলের গুণগত মানও বাড়ছে। একই সঙ্গে শিক্ষিত তরুণদের মধ্যেও কৃষিকে পেশা হিসেবে গ্রহণের আগ্রহ বাড়ছে।

প্রকল্পের আওতায় সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের আয়োজনে ধানচাষিদের জন্য একটি উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, বিভাগের প্রধান মো. সাইদ ইফতেখার ইউসুফসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং ময়মনসিংহ অঞ্চলের ধানচাষিরা।

এএস

তুরস্কে যাচ্ছে রুয়েটের রোভার, বিশ্বে ১৩তম টিম অগ্রদূত

শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদে রাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন

জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিকুর, সাধারণ সম্পাদক লিমন

শিশু রামিসা হত্যার বিচারের দাবি চবি শিক্ষার্থীদের

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা: আসামি গ্রেপ্তারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা

কমপ্লিট শাটডাউন চলাকালেই ডুয়েটে এলেন নতুন ভিসি

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৩

অব্যাহত শিশু নির্যাতন, ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন

আবারও দুর্ঘটনার কবলে ঢাবির বাস

দ. এশিয়ার উচ্চশিক্ষা খাতে যৌথ সহযোগিতার ওপর জোর দিলেন ঢাবি উপাচার্য