হোম > শিক্ষা > ক্যাম্পাস

আমার দেশ-এ প্রতিবেদন প্রকাশের পর ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ছবি: সংগ্রহীত।

অনুমতি ছাড়া বিদেশে অবস্থান এবং ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে সশরীরে উপস্থিত হয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছে সিন্ডিকেট। অন্যদিকে, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান ও আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়াকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) সিন্ডিকেটের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ওঠা বিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সিন্ডিকেট সূত্র জানায়, সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল এবং প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে নোটিশ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে উপস্থিত হতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা উপস্থিত না হলে বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধিমালা অনুযায়ী পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে, অধ্যাপক মুশফিকুর রহমান ও প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় তাঁদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে তাঁদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল এক বছরের শিক্ষা ছুটি শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ না দিয়ে বিদেশে অবস্থান করছেন। অন্যদিকে আইন বিভাগের শিক্ষক দম্পতি আজহার উদ্দিন ভূঁইয়া ও শাহরিমা তানজিন অর্নি ছুটির মেয়াদ শেষ হলেও দেশে ফেরেননি। এ ছাড়া অধ্যাপক মুশফিকুর রহমান কর্তৃপক্ষের কাছ থেকে স্বল্পমেয়াদী ছুটি নিয়ে বিদেশে গিয়ে নির্ধারিত সময়ে আর ফেরেননি বলে অভিযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রবিধান অনুযায়ী, ছুটি শেষে সময়মতো কর্মস্থলে যোগদান এবং বিদেশে অবস্থানের ক্ষেত্রে প্রশাসনিক অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। এসব নিয়ম অমান্য করলে চাকরি থেকে সাময়িক অথবা চূড়ান্ত বহিষ্কারের বিধান রয়েছে।

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিন্ডিকেটের সুপারিশ

প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি অ্যাডভাইজরি বোর্ড গঠনের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

নারীদের দক্ষতা উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘শি স্কিলস’ কর্মসূচি উদ্বোধন

ঢাবিকে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়

পূর্বনির্ধারিত সময়সূচিতে হবে ঢাবির ভর্তি পরীক্ষা

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে জবিতে র‍্যালি-সমাবেশ

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে জবি ছাত্রদলের ব্যতিক্রমী আয়োজন

জাবিতে জুলাই গণহত্যা পুনঃতদন্ত ও চার দাবিতে স্মারকলিপি ছাত্রশিবিরের

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত