হোম > শিক্ষা > ক্যাম্পাস

দুই মাসেও চালু হয়নি ঢাকা কলেজ মসজিদের এসি, ভোগান্তিতে মুসল্লিরা

প্রতিনিধি, ঢাকা কলেজ

ঢাকা কলেজের জামে মসজিদে প্রায় দুই মাস আগে এসি লাগানো হয়েছে। তবে লাগানোর এতদিন পেরিয়ে গেলেও এসিগুলো এখনো চালু হয়নি। ফলে প্রচণ্ড গরমের মধ্যে নামাজ আদায় করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন মুসল্লিরা।

জুমার নামাজ ও অন্যান্য নামাজের ওয়াক্তের নামাজে উপস্থিত শিক্ষার্থীরা বেশি দুর্ভোগে পড়ছেন। এ বিষয়ে মুসল্লীদের মধ্যে অসন্তোষ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। দ্রুত এসিগুলো চালু করে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থী সিয়াম আহমেদ বলেন, ঢাকা কলেজের জামে মসজিদে এসি স্থাপনের পর শিক্ষার্থী ও মুসল্লিদের মধ্যে স্বস্তিতে নামাজ আদায়ের আশা তৈরি হয়েছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এসিগুলো চালু না হওয়ায় সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। প্রতিদিন তীব্র গরমের মধ্যেই নামাজ আদায় করতে হচ্ছে, যা অনেক সময়ই বেশ কষ্টকর।

জুমার নামাজের সময় মুসল্লিদের সংখ্যা বেড়ে গেলে গরম আরও অসহনীয় হয়ে পড়ে অভিযোগ করেন এই শিক্ষার্থী। তিনি বলেন, এসি স্থাপনের পরও তা ব্যবহার করতে না পারার বিষয়টি হতাশাজনক। তাই শিক্ষার্থী ও মুসল্লিদের কথা বিবেচনা করে দ্রুত এসিগুলো চালুর উদ্যোগ নেওয়ার জন্য  কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানাই।

এ বিষয়ে নিজের বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরে শিক্ষার্থী ইমরান বলেন, ঢাকা কলেজের জামে মসজিদে বেশ কিছুদিন আগে এসি স্থাপন করা হলেও এখনো তা চালু হয়নি। ফলে প্রতিদিনই মুসল্লিদের তীব্র গরমের মধ্যে নামাজ আদায় করতে হচ্ছে। মসজিদে থাকা ফ্যানগুলোও পর্যাপ্ত স্বস্তি দিতে পারছে না। বিশেষ করে জুমার নামাজের সময় মুসল্লিদের সংখ্যা বেড়ে গেলে গরম আরও অসহনীয় হয়ে ওঠে। তিনি বলেন, এমন পরিস্থিতিতে নামাজ আদায়ে অনেক কষ্ট হয়। তাই শিক্ষার্থী ও মুসল্লিদের স্বার্থে দ্রুত এসিগুলো চালু করার জন্য কলেজ প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, জামে মসজিদে স্থাপিত এসিগুলো এখনো চালু করা সম্ভব হয়নি মূলত বিদ্যুতের অপর্যাপ্ত সক্ষমতার কারণে। তিনি বলেন, বর্তমানে যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন, সাবস্টেশন থেকে তার পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাচ্ছে না। বিষয়টি সমাধানে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও তাগিদ দিয়ে যাচ্ছি। গত বছর এ প্রকল্পের বাজেট অনুমোদন হয়েছে এবং প্রয়োজনীয় কারিগরি কাজ প্রকৌশলীদের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। ইতোমধ্যে ১৩টি এসি স্থাপন করা হয়েছে, যার মোট ধারণক্ষমতা ২৬ টন। এছাড়া আরও ৭টি এসি, মোট ১৪ টন ক্ষমতার, স্থাপন করা হবে। আশা করছি, প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ শেষ হলে খুব দ্রুতই এসিগুলো চালু করা সম্ভব হবে।

রাবি প্রেসক্লাবের নেতৃত্বে ধ্রুব-জিসান

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ডিগ্রি চালুর লক্ষ্যে বাকৃবিতে পরামর্শ সভা

জৈব বালাইনাশক গবেষণায় বাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা

রিজেন্ট বোর্ড সদস্যের সঙ্গে পবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

জুনিয়রকে হল ছাড়ার হুমকি ইবি বৈষম্যবিরোধী নেতার

নোবিপ্রবির ডিনস অ্যাওয়ার্ড নিয়ে বিতর্ক, শিক্ষার্থীদের ক্ষোভ

র‌্যাগিংয়ের ভিডিও করায় সাংবাদিক-রাকসু নেতাদের মারধর

পবিপ্রবি এএনএসভিএম অনুষদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

র‍্যাগিংয়ের ভিডিও করায় প্রক্টরের সামনে সাংবাদিক ও রাকসু নেতাদের ওপর হামলা