জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) দেশের প্রথম সম্পূর্ণ প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার আহ্বানের পাশাপাশি পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘সাসটেইনেবল প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস ইন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তরুণ সমাজকে এই দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউএনআইডিও) ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং জাবি প্রশাসনের ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা যখন গ্রামে বা নিজ এলাকায় যান, তখন পরিবেশ রক্ষায় ছোট ছোট ক্যাম্পেইন পরিচালনা করুন। তরুণদের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বক্তব্যে তিনি পরিবেশ বিভাগের বিগত ছয় মাসের উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরেন। তিনি জানান, সরকারি উদ্যোগে দুই হাজার ৩০০ একরের বেশি দখল হওয়া বনভূমি উদ্ধার এবং নির্ধারিত লক্ষ্যমাত্রার ৫৪ শতাংশের বেশি (প্রায় ২ কোটি ৮৪ লাখ) গাছ রোপণ সম্পন্ন হয়েছে। তাছাড়া, সুন্দরবনে গত কয়েক মাসে আগুনের ঘটনা শূন্যে নামিয়ে আনা সম্ভব হয়েছে এবং শিগগিরই সুন্দরবনে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক ও বোতলজাত পানির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত আসছে।
তিনি আরও উল্লেখ করেন, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে সরকার ‘ফোর আর’ (রিজেক্ট, রিডিউস, রিসাইকেল, রিইউজ) নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে। বায়োডিগ্রেডেবল বা পচনশীল ব্যাগের ব্যবহার বাড়ানোর পাশাপাশি সিসামুক্ত বাংলাদেশ আইন এবং উৎপাদকের দায়িত্ব নির্দিষ্ট করে ইপিআর নিয়মের গেজেট জারির বিষয়টি তুলে ধরেন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যবৃন্দ, কোষাধ্যক্ষ, ইউএনআইডিও প্রতিনিধি এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।