ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি। এতে অংশ নিতে ডিগ্রিভেদে ৩৫০০ থেকে ৮০০০ হাজার টাকা পর্যন্ত নিবন্ধন ফি নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এই ফি শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্যের তুলনায় অতিরিক্ত দাবি করে তা কমানোর আহ্বান জানিয়েছেন গ্র্যাজুয়েটরা। এদিকে ফি কমানোর দাবিতে ডাকসু ও ছাত্রশিবির প্রশাসনের কাছে স্মারকলিপিও দিয়েছে।
এ ছাড়া ক্যাম্পাসে সক্রিয় অন্যান্য ছাত্রসংগঠনও একই দাবি জানিয়েছে। শিক্ষার্থীদের আপত্তি ও ছাত্রসংগঠনগুলোর দাবির পরও নির্ধারিত ফি বহাল রাখার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে প্রশাসন।
আয়োজনের ব্যয় ও দ্রব্যমূল্য বৃদ্ধির যুক্তি দেখিয়ে প্রশাসন বলছে, ইতোমধ্যে সমাবর্তনের সব প্রস্তুতিমূলক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এখন আর ফি পরিবর্তনের সুযোগ নেই। এতে করে সমাবর্তনের আনন্দের আগেই নিবন্ধন ফি নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে গ্র্যাজুয়েটদের মধ্যে।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম আমার দেশকে বলেন, ২০২২ সালের পর সমাবর্তনের ফি আমরা খুব বেশি বাড়িয়েছি বলে মনে হয় না। স্নাতক পর্যায়ে তিন হাজার টাকার জায়গায় সাড়ে তিন হাজার টাকা এবং স্নাতকোত্তরে চার হাজার টাকার জায়গায় পাঁচ হাজার টাকা করা হয়েছে। ৫০০ থেকে এক হাজার টাকা বাড়ানো আমার কাছে খুব বেশি বলে মনে হয় না।
তিনি বলেন, এই ফি বাড়ানোর বিষয়টি বিভিন্ন পর্যায় পেরিয়ে এসেছে। সব প্রক্রিয়া মেনে একপর্যায়ে বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এখন এটি পরিবর্তন করার সুযোগ নেই।
শিক্ষার্থীদের দাবিগুলো পুনর্বিবেচনার সুযোগ রয়েছে কি না, জানতে চাইলে উপাচার্য বলেন, বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন মহল থেকে দাবি-দাওয়া এসেছে। ২৩ নভেম্বর সিন্ডিকেট সভায় বিষয়টি পুনরায় উত্থাপন করা হবে। তবে শিক্ষার্থী প্রতিনিধিরা বিষয়টি নিয়ে তাদের মতামত দিতে দেরি করে ফেলেছেন।
তবে উপাচার্য সিন্ডিকেট সভায় বিষয়টি পর্যালোচনার কথা বললেও ১ নভেম্বর থেকে শুরু হওয়া অনলাইনে আবেদন ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে। সেক্ষেত্রে শেষমুহূর্তে সমাবর্তন ফি কমানো সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, সমাবর্তন নিয়ে অতীতের মতো এবারও আলোচনা করে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পরবর্তী সভায় এ বিষয়ে আলোচনা করা হবে।
অন্যদিকে, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, গত সমাবর্তনের চেয়ে এবার মাত্র ৫০০ টাকা বাড়ানো হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্য বেড়েছে। সেটি বিবেচনায় নিয়েই এই ফি নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে ফি কমানোর দাবি এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিগুলোর বিষয়ে ব্যাখ্যা দিয়েছে। বিভিন্ন বিবেচনায় ফি কমানো সম্ভব নয় বলে জানানো হয়েছে। এখন নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে গেছে এবং শিক্ষার্থীরা নির্ধারিত ফি দিয়েই নিবন্ধন করছেন।
এদিকে, শিক্ষাজীবন শেষে কালো গাউন ও হ্যাট পরে প্রিয়জনদের সঙ্গে জীবনের গুরুত্বপূর্ণ অর্জন উদযাপন করার স্বপ্ন অনেকের ক্ষেত্রে নিবন্ধন ফির কারণে বাধা হয়ে দাঁড়িয়েছে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জান হোসেন। তিনি আমার দেশকে বলেন, আমি আজিমপুরে একটি সাবলেটে থাকি। এক রুমে ছয়জন শিক্ষার্থী । এর মধ্যে মাত্র একজন সমাবর্তনে অংশ নিতে আগ্রহী। অতিরিক্ত ফির কারণে আমরা বাকি পাঁচজন অংশ নিতে পারছি না।
তিনি বলেন, আমরাও সমাবর্তনের আনন্দ মিস করতে চাই না। ফি যদি এক-দেড় হাজার টাকার মধ্যে রাখা হতো, তাহলে সবাই সমাবর্তনে অংশ নিতে পারতাম।
আরেক শিক্ষার্থী সাদিয়া রহমান অন্তু বলেন, প্রথম বর্ষ থেকে সমাবর্তনে অংশগ্রহণ করার মুহূর্তটা কল্পনা করতাম। এটি প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন। অথচ বেকার শিক্ষার্থীদের ওপর এমন অতিরিক্ত ফি নির্ধারণ করা হলে সবার পক্ষে সমাবর্তনে অংশ নেওয়া সম্ভব হবে না।
এবারের সমাবর্তনে স্নাতক (পাস ও অনার্স), সমমান, ফিজিওথেরাপি, হেলথ টেকনোলজি, বিএসসি ইন নার্সিংসহ অন্যান্য ডিগ্রির গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তদের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০০ টাকা।
স্নাতকোত্তর (মাস্টার্স ও সমমান) ডিগ্রিধারীদের জন্য ৫০০০ টাকা। এমবিবিএস, বিডিএস, এমফিল, পিএইচডি, ডিবিএ, এমএস, এমডি, মেডিকেল এমফিল ও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মেডিকেল সায়েন্সসহ সংশ্লিষ্ট ডিগ্রিধারীদের দিতে হচ্ছে ৬০০০ হাজার টাকা।
এ ছাড়া স্নাতকোত্তর পর্যায়ের ইভিনিং ও এক্সিকিউটিভ ডিগ্রিধারীদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৮০০০ হাজার টাকা।
সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী আজিজুল হক বলেন, সমাবর্তনে শিক্ষার্থীদের উল্লেখযোগ্য কোনো উপহার দেওয়া হয় না। গাউনও স্থায়ীভাবে শিক্ষার্থীদের দেওয়া হয় না। তাহলে এত বেশি ফি নেওয়ার যৌক্তিকতা কী? আমার মতে, ফি সর্বোচ্চ এক-দুই হাজার টাকার মধ্যে থাকা উচিত। তাহলেই প্রত্যেক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে সমাবর্তনে অংশ নিতে পারবে।
ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, যে ফি নির্ধারণ করা হয়েছে তা অযৌক্তিক। এভাবে গলাকাটা ফি নির্ধারণ করে শিক্ষার্থীদের জিম্মি করা সমীচীন নয়। আমরা সমাবর্তনের ফি কমানো, গাউন স্থায়ীভাবে শিক্ষার্থীদের দিয়ে দেওয়া এবং মানসম্মত খাবারের ব্যবস্থা করার দাবি জানিয়েছি। এ ব্যাপারে সন্তোষজনক উদ্যোগ নেওয়া না হলে আমরা কঠোর হব।
এদিকে, ফি কমানোর দাবিতে স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাও। গত বুধবার সংগঠনটির একটি প্রতিনিধি দল উপাচার্যের অনুপস্থিতিতে রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করে তিন দফা দাবি জানায়।
দাবিগুলো হলো- সব স্তরের শিক্ষার্থীর সমাবর্তন ফি কমানো, গাউন, ক্যাপ, ব্যাগসহ অন্যান্য সামগ্রীর মান উন্নত করা এবং এসব সামগ্রী কেনার প্রক্রিয়ায় স্বচ্ছতা, মান যাচাই ও ব্যয়ের জবাবদিহিতা নিশ্চিত করা।
এ ছাড়া দীর্ঘসূত্রতা পরিহার করে প্রতি বছর নির্দিষ্ট সময়ে সমাবর্তন আয়োজনের জন্য স্থায়ী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছে সংগঠনটি।
অন্যদিকে, ফি কমানোর বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে সংগঠনগত কোনো আনুষ্ঠানিক দাবি জানানো বা স্মারকলিপি দেয়া হয়নি।
এদিকে, ঢাবি ছাত্রদলের সহসভাপতি আনিছুর রহমান খন্দকার অনিকের অভিযোগ— বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি, সেক্রেটারিসহ সিনিয়র নেতারা শিক্ষার্থীদের ইস্যুগুলো নিয়ে অমনোযোগী হয়ে পড়েছেন। তিনি আমার দেশকে বলেন, শাখা ছাত্রদলের অধিকাংশ নেতা কমিটিকেন্দ্রিক রাজনীতি করতে গিয়ে শিক্ষার্থীসংশ্লিষ্ট বিষয়গুলোর দিকে মনোযোগ দিচ্ছেন না।
প্রসঙ্গত, ৫৪তম সমাবর্তনে অংশ নিতে ১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, যা চলবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নিবন্ধন ফি পরিশোধের শেষ সময় ২ ডিসেম্বর।