কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্যপ্রযুক্তি, উদ্ভাবন ও সৃজনশীলতাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শুরু হয়েছে ‘Pubali Bank PLC Presents Jagannath University AI & IT Fest 2026’। জবি আইটি সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এ প্রযুক্তি উৎসবে দেশের প্রায় ২০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ৪০টি টেক ক্লাব অংশ নিচ্ছে। দিনব্যাপী এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক আমার দেশ।
রোববার (৩০ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবন প্রাঙ্গণে উৎসবের বিভিন্ন কার্যক্রম শুরু হয়। প্রযুক্তিপ্রেমী তরুণদের এক প্ল্যাটফর্মে যুক্ত করা এবং তাঁদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীল ধারণা তুলে ধরার সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা।
উৎসবে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, উদ্ভাবন, প্রজেক্ট শোকেস ও অলিম্পিয়াডসহ প্রযুক্তিভিত্তিক নানা আয়োজন রাখা হয়েছে। এর মধ্যে ‘AI Ad-Venture—Prompt to Production Challenge’-এ অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে একটি ধারণাকে বাস্তবসম্মত প্রোডাকশনে রূপ দেওয়ার চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন।
এ ছাড়া ‘AI & IT Olympiad’-এ জুনিয়র ও সিনিয়র—দুই বিভাগে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে নিজেদের জ্ঞান ও দক্ষতা যাচাইয়ের সুযোগ পাচ্ছেন। উৎসবের অন্যতম আকর্ষণ ‘BrainChild Season 2.0—National App, Web & AI Project Expo’। এতে দেশের বিভিন্ন প্রান্তের তরুণ উদ্ভাবকদের তৈরি অ্যাপ, ওয়েবসাইট ও এআইভিত্তিক প্রকল্প প্রদর্শন করা হচ্ছে।
প্রযুক্তি খাতের বাস্তব অভিজ্ঞতা ও ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদের ধারণা দিতে আয়োজন করা হয়েছে ‘TechUncut’, Industry Talk ও Live Pitch। এসব পর্বে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা, শিল্পখাতের প্রতিনিধি, প্রযুক্তিবিদ, কনটেন্ট ক্রিয়েটর ও অভিজ্ঞ মেন্টররা অংশ নেবেন। শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের পাশাপাশি প্রযুক্তিখাতের ক্যারিয়ার ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে জানার সুযোগ পাবেন।
উৎসবে রয়েছে ‘TechCare Zone’ও। এখানে সফটওয়্যার ইনস্টলেশন, সিস্টেম সেটআপসহ বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার সমাধানে অংশগ্রহণকারীদের সহায়তা দেওয়া হচ্ছে।
আয়োজক কমিটির সদস্য বায়েজিদ বলেন, এই ফেস্টের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর ধারণা তুলে ধরার একটি জাতীয় পর্যায়ের প্ল্যাটফর্ম পাচ্ছেন। একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, টেক ক্লাব ও প্রযুক্তিখাতের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হচ্ছে।
তিনি বলেন, ‘এটি শুধু একটি প্রযুক্তি উৎসব নয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবক, প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থী, টেক ক্লাব এবং শিল্পখাতের প্রতিনিধিদের এক মঞ্চে নিয়ে আসার একটি উদ্যোগ।’
বায়েজিদ আরও বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে তরুণদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বাস্তবভিত্তিক দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও শিল্পখাতের সঙ্গে যোগাযোগ বাড়ানো জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা প্রদর্শন, নেটওয়ার্কিং এবং ভবিষ্যৎ ক্যারিয়ার ও উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা তৈরিতে ভূমিকা রাখবে।
আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রযুক্তিপ্রেমী তরুণদের অংশগ্রহণে ‘JnU AI & IT Fest 2026’ কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তি চর্চাকে আরও বিস্তৃত করবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ভিত্তিক উদ্ভাবনী উদ্যোগগুলোকে জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসআর