হোম > শিক্ষা > ক্যাম্পাস

চীন সফরে নেই জকসুর কেউ, ক্ষুব্ধ ছাত্রনেতারা

প্রতিনিধি, জবি

চীনা সরকারের আমন্ত্রণে আগামী ৪ থেকে ১৪ জুন বিএনপির একটি তরুণ প্রতিনিধি দল দেশটি সফরে যাচ্ছে। এই সফরের জন্য সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রকাশিত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২০ জন ছাত্রনেতা।

তবে তালিকায় জায়গা হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) কোনো নির্বাচিত প্রতিনিধির। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পর বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার (১৯ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করে। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।

প্রকাশিত তালিকায় থাকা ছাত্রনেতাদের মধ্যে রয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকারী দপ্তর সম্পাদক মোহাম্মদ মিনহাজুল ইসলাম ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহকারী স্বাস্থ্য সম্পাদক গালিব হাসান প্রিতম এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহকারী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান।

এছাড়াও তালিকায় আছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মো. মাহাদী হাসান জুয়েল, ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এজিএস জান্নাতুল নওরীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রদলের সভাপতি শ্রাবণী আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সভাপতি নওশীন তাবাসসুম অথৈ এবং প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র বিষয়ক সম্পাদক সেলিমা বিনতে তারিন রোদসী।

তাদের পাশাপাশি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (প্রস্তাবিত) ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদক রাবেয়া তাহসিন মুন, জকসুর জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, ছাত্রদলের প্রথম সহ-সভাপতি জহির রায়হান আহমেদ এবং ছাত্রদলের সহ-সভাপতি এ.বি.এম ইজাজুল কবির রুয়েল, ছাত্রদলের সহ-সভাপতি মো. মনজুরুল আলম রিয়াদ, ডাকসুর সাবেক ভিপি প্রার্থী মো. আবিদুল খান, ডাকসুর জিএস প্রার্থী তানভীর বারী হামিম, ডাকসুর ভিপি আবদুর রশিদ জিতু এবং চাকসুর এজিএস আইয়ুব রহমান (তৌফিক) এই প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত হয়েছেন।

এই তালিকা প্রকাশের পর জুলাই পরবর্তী সময়ে অনুষ্ঠিত বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ফলাফল তুলনামূলকভাবে শক্ত অবস্থানে থাকলেও ২০ জন তরুণের এই প্রতিনিধি দলে জকসুতে নির্বাচিত কোনো ছাত্রদলের প্রতিনিধি না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

ছাত্রদল প্যানেল থেকে নির্বাচিত জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব বলেন, "বিষয়টা আমাদের জন্য হতাশাজনক। আমাদের নির্বাচিত প্রতিনিধিরা সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। কিন্তু এখনো আমরা প্রধানমন্ত্রীর সাথেও দেখা করার সুযোগ পাইনি। ভবিষ্যতে এ ধরনের আয়োজনে জগন্নাথকে যথাযথ মূল্যায়ন করা হবে বলে আশা করছি।"

একই প্যানেল থেকে নির্বাচিত জকসুর কার্যনির্বাহী সদস্য সাদমান সাম্য বলেন, "এই তালিকায় আমাদের জায়গা হয়নি ঠিকই, তবে ভবিষ্যতে আরও এ ধরনের সফর হবে। সেখানে জগন্নাথসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচিত ও যোগ্য প্রতিনিধিরা সুযোগ পাবেন বলে আশা করি। নির্দিষ্ট সংখ্যক সুযোগ থাকায় সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।"

তিনি আরও বলেন, "দল আসলে কে জয়ী আর কে পরাজিত, সেটি বিবেচনা করেনি। দল তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী তালিকা করেছে। তবে ভবিষ্যতে জগন্নাথ অবশ্যই মূল্যায়িত হবে বলে আশা করি।"

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, "আমি নিজেও তালিকাটি দেখেছি। সেখানে জগন্নাথের কোনো প্রতিনিধি না থাকাটা খারাপ লেগেছে। বিগত ছাত্র সংসদগুলোর মধ্যে জগন্নাথের ফলাফল সবচেয়ে ভালো হওয়া সত্ত্বেও কাউকে রাখা হয়নি। আমি প্রত্যাশা করি, ভবিষ্যতে এ ধরনের আয়োজনে অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হবে।"

ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখিনি কিন্তু আদর্শ কে ধারন করি। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন মনোভাব কে দেখেছি কিভাবে দেশকে ধারণ করতে হয়। ছাত্রদল ঠিক তেমনিভাবে এই আদর্শের শিক্ষা দিয়ে থাকে।ছাত্রদল কারো কাছে নিজের নৈতিকতাকে বিসর্জন দিয়ে রাজনীতি করা শিখায়নি। আমার সংগঠন কে আমি যেভাবে ধারন করি ও ভালোবাসি ঠিক তেমনিভাবে আমি আমার প্রতিষ্ঠানকে ধারণ করি ও ভালোবাসি। কেউ যদি কোন অযুহাতে আমাকে বা আমার প্রতিষ্ঠানকে ছোট করে আমি আমার এথিক্সের জায়গায় থেকে তার নিন্দা জানাব। জবি ছাত্রদল ভালো থাকুক ও ছাত্রদলের প্যানেল থেকে নির্বাচন করা সকল প্রতিনিধির জন্য শুভকামনা রইল।

এ বিষয়ে জবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি বলেন, "আমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর রাজনীতি করি, আমাদের কাছে এই সংগঠন শুধু একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের আবেগ, অনুভূতি ও আত্মার একটি অংশ। এই সংগঠনের ব্যানারকে সমুন্নত রাখতে আমরা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে রাজপথে লড়াই-সংগ্রাম করেছি। জীবনের সোনালী সময়, শ্রম, ত্যাগ ও ভালোবাসা উৎসর্গ করেছি ছাত্রদলের জন্য। তাই এই আবেগ, আত্মত্যাগ ও গৌরবের জায়গাকে খাটো করে কেউ যদি নিজেদের ভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করে, তা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর কোনো নেতা-কর্মী কখনো মেনে নেবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিটি কর্মীর রক্তে মিশে আছে এই সংগঠনের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও আপসহীন অঙ্গীকার।"

এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, "সরকারের আমন্ত্রণে চীন সফরে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। এই তালিকায় মূলত বিভিন্ন ছাত্র সংসদে যারা ভিপি, জিএস, এজিএস ক্যান্ডিডেট ছিলেন তাদের রাখা হয়েছে। এই তালিকায় জকসুর নির্বাচিত কোনো প্রতিনিধি না থাকলেও, পরবর্তী তালিকায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে জকসুর নির্বাচিত প্রতিনিধিরাও সুযোগ পাবেন।"

বিশ্বখ্যাত ‘ন্যাচার ইনডেক্সে’ ১৫তম অবস্থানে রুয়েট

দক্ষিণাঞ্চলের শেষ ভরসা খুমেক নিজেই সংকটে

বেরোবিতে ঈদুল আজহায় ছাত্রশিবিরের ‘মেজবান’

ঢাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীকে সংঘবদ্ধ নির্যাতন, ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার

দরিদ্র শিক্ষার্থীর ভর্তির খরচ দিলেন ছাত্রদল নেতা

ঈদের ছুটিতে বিভাগীয় শহরে শিক্ষার্থীদের পৌঁছে দিবে শাবিপ্রবির বাস

প্রথমবারের মতো বিভাগীয় শহরে বুয়েট শিক্ষার্থীদের নিজস্ব বাসে ঈদযাত্রা

ঢাবিতে অবরুদ্ধ কবি নজরুলের সমাধি, দর্শনার্থীদের ক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

নারী শিক্ষার্থীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য চবি শিবিরকর্মীর