হোম > ফিচার > ক্যাম্পাস

নির্ধারিত সময়ে জাকসু নির্বাচন নিয়ে সংশয়ে শিক্ষার্থীরা

তিন দফা পিছিয়েছে তারিখ

এসএম তাওহীদ, জাবি

গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সবার আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করে আলোড়ন সৃষ্টি করে জাবি প্রশাসন। দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচনের খবরে শিক্ষার্থীদের মাঝেও সৃষ্টি হয় ব্যাপক উদ্দীপনা।

তবে তিন দফায় তারিখ পেছানোয় আমেজ হারিয়েছে জাকসু নির্বাচন। সে সঙ্গে প্রশাসন নির্ধারিত আগামী ১১ সেপ্টেম্বরে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে শিক্ষার্থীদের মনেও তৈরি হয়েছে সংশয়।

জানা যায়, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার শুরু থেকে ছাত্র সংসদ নির্বাচনের দাবি করে আসছিলেন শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় গত বছরের ২৯ ডিসেম্বরে নির্বাচনের দাবিতে আমরণ অনশনে বসেন এক শিক্ষার্থী। তার দাবি মেনে নিয়ে ৩০ ডিসেম্বর জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।

সেই রোডম্যাপ অনুযায়ী ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার কথা থাকলেও ছাত্রদলের জুলাই হামলার বিচার ও জাকসুর গঠনতন্ত্র সংস্কারের দাবির কারণে তফসিল ঘোষণা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তাদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচনের তারিখ প্রথমবারের মতো পিছিয়ে উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক কামরুল আহসান ঘোষণা দেন, ২১ মের মধ্যে নির্বাচন হবে। এর মধ্যে গঠনতন্ত্র সংস্কার সম্পন্ন হলেও বিচার না হওয়ায় শিক্ষার্থীদের দাবির মুখে দ্বিতীয়বারের মতো পেছানো হয় নির্বাচন।

এরপর শিক্ষার্থীদের সঙ্গে ১০ ঘণ্টা আলোচনা শেষে নির্বাচনের নতুন রোডম্যাপ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে তারিখ অনুযায়ী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে বিচারকাজ শেষ করতে না পারায় ২৬ জুন পুনরায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন উপাচার্য। এক পর্যায়ে শিক্ষার্থীরা উপাচার্যের কাছ থেকে জুলাই হামলার বিচারের রোডম্যাপ চান।

এরপর আইন কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যান্যের সঙ্গে সংক্ষিপ্ত সভা শেষে ৩ আগস্টের মধ্যে হামলায় জড়িত ছাত্রলীগের বিচার এবং ৩১ আগস্টের মধ্যে হামলায় মদতদাতা শিক্ষকদের বিচার নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়। সে সঙ্গে জাকসু নির্বাচনের তারিখ তিন দফা পিছিয়ে আগামী ১১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়।

তিন দফা পেছানোয় জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে শঙ্কা। শিক্ষার্থীরা মনে করছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন বানচালের জন্য ইচ্ছাকৃতভাবে বিচারকাজকে বিলম্বিত করছে।

এদিকে জাকসু নিয়ে ছাত্রসংগঠনের মধ্যে আমেজেও ভাটা পড়েছে। আগে অনেককে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সেবামূলক কাজ করতে দেখা গেলেও বর্তমানে তা আর চোখে পড়ে না। ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বামপন্থি ছাত্র সংগঠনগুলোর একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, এখনো তাদের কেন্দ্রীয় ছাত্র সংসদের প্যানেল ঠিক হয়নি। আগে নিজস্ব মিটিংয়ে জাকসু নিয়ে নিয়মিত আলাপ হলেও এখন সেভাবে হয় না।

তবে গত ২৮ জুলাই রাকসু ও ২৯ জুলাই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করায় ফের আলোচনায় আসে জাকসু নির্বাচন। নির্ধারিত সময়ে বিচারকাজ শেষ করে ঘোষিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবেÑএমনটাই প্রত্যাশা করছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনের নেতারা।

জাকসু নির্বাচনে প্রস্তুতির বিষয়ে ছাত্রদল জাবি শাখার আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, আমরা শুরু থেকেই শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে সম্মান জানিয়ে নির্বাচনের দাবি জানিয়ে আসছি। সে সঙ্গে জুলাই হামলায় জড়িতদের বিচারের দাবি করেছি। আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারিত সময়ে বিচার শেষ করে নির্বাচন দেবে।

নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বাবর বলেন, ‘আমাদের কেন্দ্রীয় সংসদের প্যানেলের খসড়া হয়ে গেছে। হল সংসদের প্যানেলের কাজ ৯০ ভাগ হয়ে গেছে। নির্বাচনে অংশ নিতে আমরা সব সময় প্রস্তুত।’

এ বিষয়ে শাখা শিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, ছাত্রশিবির শুরু থেকেই ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনবার তাদের ঘোষিত তারিখ পরিবর্তন করেছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, জাকসু নিয়ে কোনো ধরনের তালবাহানা ইসলামী ছাত্রশিবির মেনে নেবে না। প্রশাসনকে ঘোষিত তারিখের মধ্যেই বিচার নিশ্চিত করে অবশ্যই নির্বাচন দিতে হবে।

নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসু সভাপতি অধ্যাপক কামরুল আহসান বলেন, প্রশাসন বিরতিহীনভাবে বিচারকাজ পরিচালনা করে আসছে। আমরা আশা করছি, নির্ধারিত সময়ের আগেই তা শেষ হবে। নির্ধারিত সময়ে জাকসু নির্বাচন দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিজ্ঞাবদ্ধ।

অনার্স শেষেও শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফ-এর ১৫ সদস্য পাচ্ছেন শিক্ষা বৃত্তি

কুবিতে মুক্তিযোদ্ধা কোটায় ১৬ হাজার পজিশনেও সাবজেক্ট

ঢাবি শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সাংবাদিক ও ঢাবি শিক্ষার্থীর ওপর হামলা, ডাকসুর নিন্দা

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী–সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ডাকসুর নিন্দা

চবিতে দুইদিনে ১৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন

জাবি প্রেসক্লাবের সভাপতি আমার দেশের তাওহীদ, সম্পাদক ওসমান