হোম > শিক্ষা > ক্যাম্পাস

বিদ্যুৎহীন হলে জেনারেটর, পানি ও খাবার পৌঁছে দিল ডাকসু

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও বিদ্যুৎ বিচ্ছিন্নতায় দুর্ভোগে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের জন্য জেনারেটর, সুপেয় পানি ও শুকনো খাবারের ব্যবস্থা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। পাশাপাশি পানি নিষ্কাশনে সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও জানান তারা।

রোববার (১২ জুলাই) দিনভর জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন আবাসিক হল এলাকা পরিদর্শন শেষে এসব তথ্য জানান ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

তিনি বলেন, আমরা ঘুরে ঘুরে শিক্ষার্থীদের অবস্থা দেখেছি। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় দুইটি জেনারেটরের ব্যবস্থা করেছি। পানি নিষ্কাশনের জন্য সিটি করপোরেশনের সহযোগিতায় কাজ করছি। অল্প বৃষ্টিতেই এখানে যে জলাবদ্ধতা তৈরি হয়, তার একটি স্থায়ী সমাধান করে দিয়ে যাব, ইনশাআল্লাহ।

তবে এ পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতাকেও দায়ী করেন তিনি। সাদিক কায়েমের দাবি, বিভিন্ন হল সংস্কার ও কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কারসহ একাধিক উন্নয়ন প্রকল্প প্রশাসনের কারণে আটকে রয়েছে।

ডাকসুর পক্ষ থেকে জানানো হয়, চলমান সংকট মোকাবিলায় ইতোমধ্যে কয়েকটি জরুরি উদ্যোগ নেওয়া হয়েছে। জলাবদ্ধ এলাকায় শিক্ষার্থীদের চলাচলের জন্য চারটি ভ্যানের ব্যবস্থা করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় বাসের ট্রিপ বাড়ানো হয়েছে। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে এসব ভ্যান বিনামূল্যে চলাচল করবে।

এ ছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন দুই আবাসিক হলে জেনারেটরের মাধ্যমে বিকল্প বিদ্যুৎ সরবরাহ, মোমবাতির ব্যবস্থা, ওয়াসার সহযোগিতায় দুই গাড়ি সুপেয় পানি এবং শুকনো খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডাকসু ভিপি আরও জানায়, দ্রুত পানি নিষ্কাশনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্টেট অফিস ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে সংশ্লিষ্ট টিমকে মাঠে কাজ করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি জলাবদ্ধতার কারণে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ প্রশাসনের কাছে তুলে ধরা হয়েছে। প্রশাসন জানিয়েছে, বিভাগ ও পরীক্ষা কমিটির সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

সংগঠনটির দাবি, প্রতি বছর একইভাবে জলাবদ্ধতার পুনরাবৃত্তি রোধে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও স্থায়ী পানি নিষ্কাশনের জন্য তারা আগেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিটি করপোরেশনের কাছে সুস্পষ্ট প্রস্তাবনা দিয়েছিল। কিন্তু কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

এর আগে টানা বর্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, শিক্ষক ক্লাব, কেন্দ্রীয় খেলার মাঠ, কার্জন হল, নীলক্ষেত, পলাশী মোড়, নবাব স্যার সলিমুল্লাহ মুসলিম হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হলসহ বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে কুয়েত মৈত্রী হল ও ফজিলাতুন্নেছা হলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে কয়েক হাজার শিক্ষার্থী চরম ভোগান্তিতে পড়েন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তী জানান, চলমান ভারী বর্ষণ, ক্যাম্পাসজুড়ে সৃষ্ট জলাবদ্ধতা ও বৈরী আবহাওয়া, শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় আগামীকাল ১৩ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

মালিবাগে দুর্ঘটনার শিকার জবি শিক্ষকদের বাস, আহত অন্তত ৩

ভারি বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জলাবদ্ধতা, বিদ্যুৎবিচ্ছিন্ন ২ হল

প্রতিরোধ দিবসে আমন্ত্রণ পাননি কুবির একমাত্র শহিদ কাইয়ুমের পরিবার

রাবি শিক্ষক সেলিম রেজা নিউটনকে হত্যার হুমকি

কুবির এক-তৃতীয়াংশ শিক্ষকই ছুটিতে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস

জাবিতে আর্জেন্টিনার ম্যাচে বন্যার্তদের জন্য করা হবে ক্রাউড ফান্ডিং

চট্টগ্রামের বন্যার্তদের পাশে ঢাবি শিক্ষার্থীরা, গণত্রাণ সংগ্রহের ঘোষণা

রুয়েটে দুইদিন ব্যাপী ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত