দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, র্যালি ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। ‘নৈরাজ্যকে না’ শীর্ষক এ কর্মসূচিতে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও সংহতি প্রকাশ করেন।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সমবেত হন। পরে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন র্যালির উদ্বোধন করেন। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে বের হয়ে আদালতের পাশের সড়ক ধরে রায়সাহেব বাজার মোড় ঘুরে ক্যাম্পাসে ফিরে আসে। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা ‘বিপ্লব-সন্ত্রাস একসঙ্গে চলে না’, ‘বিপ্লবে বলীয়ান নির্ভীক জবিয়ান’, ‘শিক্ষা-সন্ত্রাস একসঙ্গে চলে না’, ‘নৈরাজ্যকে না বলি, সবাই মিলে দেশ গড়ি’, ‘নৈরাজ্যের দিন শেষ, গড়ব মোরা বাংলাদেশ’ এবং ‘সবার আগে বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে সংহতি জানিয়ে অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, জাতীয় ছাত্রশক্তি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নেতাকর্মী ও প্রতিনিধিরা।
সংহতি প্রকাশ করে বক্তব্য দেন শাখা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেল। তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা বলেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কথিত অপতৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন।
জাতীয় ছাত্রশক্তি ও ইসলামী ছাত্রশিবিরের নেতারা গণভোটের গণরায় বাস্তবায়নের আহ্বান জানান। অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি জানায় জকসু।
জকসুর সহসভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের রক্ত ঝরানোর পর আওয়ামী লীগ আবারও অগ্নিসন্ত্রাস, লুটতরাজ, ভাঙচুর ও মানুষ হত্যার মতো কর্মকাণ্ডে জড়িয়েছে। তিনি আওয়ামী লীগকে কুখ্যাত সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে রাষ্ট্রীয়ভাবে দলটিকে সন্ত্রাসী ঘোষণা করার দাবি জানান। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের আহ্বান জানান।
জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা আবারও অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ফেরদৌস শেখ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে জুলাই সনদ কার্যকর করতে হবে। তা না হলে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা কঠিন হবে।
সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও জাতি হিসেবে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয়নি। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অতীতের বিভেদ ও বিরোধ ভুলে দেশের স্বাধীনতা রক্ষা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
উপাচার্য বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হানাহানি ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। এভাবে নৈরাজ্য চলতে থাকলে জাতির কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে না। অতীতে যারা অপকর্ম করেছেন, তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণ থাকলে প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে হবে।
তিনি আরো বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, নৈরাজ্য সৃষ্টি করবেন না এবং কাউকে নৈরাজ্য করতে দেওয়া হবে না। দেশকে সামনে এগিয়ে নিতে সবাইকে গঠনমূলক কাজে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনেরা সংহতি প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তারা দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং নৈরাজ্য প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি খন্দকার হাবিবুর রহমান, কর্মচারী সমিতির নেতারা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মঞ্জুর মোর্শেদ ভূইয়া, বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের সভাপতি অধ্যাপক আজম খান এবং ইউট্যাবের সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ কর্মসূচির প্রতি সংহতি জানান।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সক্রিয় ছাত্রসংগঠন এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সংগঠনের নেতারা অংশ নেন। এতে বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থীও উপস্থিত ছিলেন।
এএম