বৃষ্টিতে ভোগান্তিতে পরীক্ষার্থী ও অভিভাবকরা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। তবে পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে থেকে রাজধানীতে শুরু হওয়া মুষলধারে বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়েন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকেরা।
শনিবার (১১ জুলাই) বিকেল ৩টায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, বিরূপ আবহাওয়া ও শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষা শুরুর সময় ২০ মিনিট পিছিয়ে দেওয়া হয়।
সরেজমিনে ঢাকা কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকে টানা ভারী বৃষ্টির কারণে কেন্দ্রের সামনের সড়ক ও আশপাশের এলাকায় পানি জমে যায়। অনেক পরীক্ষার্থী ভেজা কাপড় নিয়েই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন। একই সঙ্গে কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদেরও বৃষ্টির মধ্যে চরম দুর্ভোগ পোহাতে দেখা যায়।
দূর-দূরান্ত থেকে আসা অনেক শিক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে হিমশিম খান। কেউ কেউ সঙ্গে ছাতা এনেও অতিরিক্ত বৃষ্টির কারণে সম্পূর্ণ ভিজে যান। বৈরী আবহাওয়ার মধ্যেও নির্ধারিত সময়ে পরীক্ষা দিতে কেন্দ্রে উপস্থিত হওয়ার চেষ্টা করেন ভর্তি-ইচ্ছুকরা।
ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী সামিউল ইসলাম বলেন, “আমি নোয়াখালী থেকে এখানে ভর্তি পরীক্ষা দিতে এসেছি। কিন্তু সকাল থেকেই টানা ভারী বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। সঙ্গে ছাতা থাকলেও বৃষ্টির তীব্রতা এত বেশি ছিল যে শেষ পর্যন্ত পুরোপুরি ভিজে গেছি। ভেজা কাপড় নিয়েই পরীক্ষাকেন্দ্রে আসতে হয়েছে। এতে শারীরিকভাবে যেমন অস্বস্তি লাগছে, তেমনি মানসিকভাবেও অনেক চাপ অনুভব করছি। পরীক্ষা নিয়ে আগে থেকেই কিছুটা দুশ্চিন্তা ছিল, তার ওপর এই বৈরী আবহাওয়ার কারণে টেনশন আরও বেড়ে গেছে। তারপরও আশা করছি, ভালোভাবে পরীক্ষা দিতে পারব।”
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় মোট আসন ১১ হাজার ২৯০টি। এর মধ্যে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে আসন রয়েছে ৪ হাজার ৪৯৮টি। এই আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৩ হাজার ৩৬৫টি। এতে আসনপ্রতি লড়বেন ৫ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ১০০টি প্রশ্নের মধ্যে বাংলা থেকে ২৫টি, ইংরেজি থেকে ২৫টি এবং সাধারণ জ্ঞান থেকে ৫০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। পরীক্ষায় পাস নম্বর ন্যূনতম ৪০। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষা শেষে দ্রুত ফল প্রকাশ করা হবে। পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পন্ন করে আগামী ৬ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা। ওই দিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দুই ইউনিটের আসনবিন্যাস ১৪ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এসআর