হোম > শিক্ষা > মাধ্যমিক

ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে

ইরাবের অভিষেক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার

সম্প্রতি উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাদের উত্তরপত্র আবারও যাচাই করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। তিনি বলেন, পুনরায় যাচাইয়ের মাধ্যমে ফল পরিবর্তনের কারণ চিহ্নিত করা হবে। পরীক্ষকদের কোনো ভুল পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যেসব পরীক্ষকের প্রশিক্ষণ প্রয়োজন, তাঁদের প্রশিক্ষণের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণেও ফল পরিবর্তন হয়েছে। কেউ ফেল থেকে পাস করেছেন, কেউ জিপিএ-৫ পেয়েছেন। শুধু ফল পরিবর্তন হয়েছে বলেই বিষয়টি শেষ হয়ে যায় না। কেন পরীক্ষার্থীদের ফল পরিবর্তন হলো, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। পরীক্ষকেরা উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করতে পেরেছেন কি না, তা যাচাই করতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের ন্যায্য ফল নিশ্চিত করা জরুরি। শিক্ষার মান নিশ্চিত করতে পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি থাকতে হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাব্যবস্থার পুঞ্জীভূত সমস্যাগুলো এড়িয়ে না গিয়ে সেগুলোর সমাধান করতে চান। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সনদ বিক্রির অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী বলেন, এ ধরনের অনিয়ম বন্ধ করতে হবে। শিক্ষার্থীর ভর্তি থেকে শুরু করে সনদ দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কেন্দ্রীয় নজরদারি থাকা প্রয়োজন।

তিনি বলেন, ইউজিসি কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ করবে এবং সেই অনুযায়ী সনদ দেওয়ার ব্যবস্থা করা হবে। এতে কে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এবং তাঁর শিক্ষাজীবনের তথ্য কী, তা কেন্দ্রীয়ভাবে যাচাই করা সম্ভব হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে চান তিনি। এ জন্য যেসব জায়গায় অনিয়ম রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষাখাতের উন্নয়নে সাংবাদিকদের যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, শিক্ষা খাতে বরাদ্দকে কোনো খরচ হিসেবে না দেখে মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে। এই বিনিয়োগের মূল লক্ষ্য হলো মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক ও দক্ষ মানুষ গড়ে তোলা।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী কেবল সরকার গঠনের পরই নয়, নির্বাচনী প্রচারণায়ও শিক্ষার কথা বারবার বলেছেন এবং জাতিসংঘেও শিক্ষাবিষয়ক রূপকল্প তুলে ধরেছেন। ১৯৮৮ সাল থেকে তাঁর তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা থেকেই সাধারণ ও খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনে শিক্ষাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। গত নয় মাসে প্রধানমন্ত্রীর বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, সামনের দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে।

এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক বলেন, শিক্ষক নিয়োগ দিতে চাইলেও সরকারকে এখন পিএসসির ওপর নির্ভর করতে হচ্ছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদ পূরণে চাইলেও দ্রুত উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না।

পাঠ্যবই ছাপানো ও বিতরণ প্রসঙ্গে শিক্ষা সচিব বলেন, এবার ৩২ কোটি বই ছাপানো হচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো নভেম্বর মাসেই দেশের সব জায়গায় বই পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তবে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে বই ছাপানোর কাজে বারবার বাধার মুখে পড়তে হয়েছে।

ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. আফলাতুন।

স্বাগত বক্তব্য দেন ইরাবের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ ও সোলায়মান সালমান। মূল বক্তব্য উপস্থাপন করেন সাবেক সভাপতি শরীফুল আলম সুমন। শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ ও নিজামুল হক।

অনুষ্ঠানে ইরাবের বর্তমান ও সাবেক কমিটির নেতাদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

দুর্গম এলাকার ১৪৭ মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি

এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ কবে, জানাল আন্তঃশিক্ষা বোর্ড

ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের

যৌন হয়রানির প্রতিবাদ করায় ক্লাস স্থগিত, শিক্ষার্থীদের বিক্ষোভ

এইচএসসিতে পাসের হার শূন্য বা কম থাকা প্রতিষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসিতে শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবার ৯১টি বেড়েছে

শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির

এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার শিডিউল প্রকাশ, দেখুন সূচি

সবার জন্য সমান নয়, প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালু করা হবে: প্রতিমন্ত্রী